চুয়াডাঙ্গায় বাবা খুন, ছেলে আটক
চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে রবিউল ইসলাম (৬০) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে ক্ষতবিক্ষত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহত ব্যক্তির একমাত্র ছেলে শান্তি মিয়াকে (২৫) আটক করেছে।
পুলিশের দাবি, পারিবারিক ১৮ কাঠা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শান্তি তাঁর বাবাকে বাইসাইকেলের চেইন গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার সময় শান্তির হাতের বড় বড় নখের আঁচড়ে নিহত ব্যক্তির মুখমণ্ডলে অনেক ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে শান্তি তা অস্বীকার করেছেন।
রবিউলের স্ত্রী জাহেরা বেগমও ছেলেকে নির্দোষ বলে দাবি করেন। জাহেরার ধারণা, ডাকাতেরা তাঁর স্বামীকে হত্যা করতে পারে।
জাহেরা জানান, ছেলে শান্তি বাবার সঙ্গে রাগ করে চার মাস ধরে শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়ায় বসবাস করছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে শুক্রবার (গতকাল) সকালে গাড়াবাড়িয়া গ্রামে এলে পুলিশ তাঁকে আটক করে।
রবিউলের ছোট মেয়ে সাবিনা খাতুন জানান, বৃহস্পতিবার রাতে তাঁর বাবা ঘরের বারান্দায় ঘুমান। গতকাল ভোরে আজানের সময় ঘুম থেকে উঠে তিনি বাবাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর অন্যদের ডাকেন।
চুয়াডাঙ্গার এএসপি মো. কামরুজ্জামান জানান, রবিউলের খুনের ঘটনায় তাঁর ছেলে শান্তির সম্পৃক্ততা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।