চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সিরাজুল ইসলামকে (৪২) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল রোববার বিকেলে ছয়ঘরিয়া-ফুলবাড়ি-বড়শলুয়ার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।
নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সিরাজুল পাশের বড়শলুয়া বাজারে কেনাকাটা করতে যান। বিকেলে সেখান থেকে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি ছয়ঘরিয়া-ফুলবাড়ি-বড়শলুয়ার তিন রাস্তার মোড়ে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা সেটি লক্ষ্য করে পর পর দুটি হাতবোমা ছোড়ে। বোমা দুটি বিস্ফোরিত হলেও লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় মোটরসাইকেল থামালে দুর্বৃত্তরা আরোহী দুজনকে কিলঘুষি মেরে সরিয়ে দেয়। আর সিরাজুলকে রাস্তার পাশে বাঁশবাগানে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর মুমূর্ষু অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সিরাজুলের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের বেশ কয়েকটি চিহ্ন আছে।
নিহত ব্যক্তির ভাই রুহুল কুদ্দুস দাবি করেন, গ্রামের রাজনৈতিক প্রতিপক্ষরাই পরিকল্পিতভাবে তাঁর ভাইকে খুন করেছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম কামরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।