চুয়াডাঙ্গায় বিস্ফোরণে কৃষক নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ছোটপুটিমারী গ্রামে বিস্ফোরণে মুসা উদ্দিন (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত মুসার ভাতিজা জাহাঙ্গীরের ভাষ্য, রাত একটার দিকে একদল ডাকাত মুসার বাড়ির প্রধান ফটক জোর করে খোলার চেষ্টা করে। খুলতে না পেরে তাঁরা বাড়ির সদস্যদের ডাকাডাকি করে। বাড়ির লোকজন সাড়া না দেওয়ায় ডাকাতেরা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে মুসা গুরুতর আহত হন। তাঁকে রাত দুইটা ৩০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাহাঙ্গীরের দাবি, মুসার দুই ছেলে ওলি উদ্দিন ও কফিল উদ্দিন মালয়েশিয়াপ্রবাসী। আর্থিকভাবে তিনি বেশ সচ্ছল। এ কারণেই ডাকাতেরা আসে। এ ঘটনার এক সপ্তাহ আগে একই গ্রামে সৌদিপ্রবাসী আজিজুল খন্দকারের বাড়িতে ডাকাতি হয়। ওই ঘটনার পর পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ কারণেই ডাকাতেরা আবারও গ্রামটিতে এসেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।