চুয়াডাঙ্গা শহরের হাজরাহাটি মহল্লার বাসিন্দা আহাদ আলীর দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে আঁখি খাতুন (৮) পরীক্ষায় ফেল করেছিল। বাবা-মা-শিক্ষক বকাঝকা করায় বিষ খেয়ে আত্মহত্যা করে সে। এ ঘটনাটি ২ সেপ্টেম্বরের।
গবেষণা বলছে, বাংলাদেশের অন্যতম আত্মহত্যাপ্রবণ এই জেলায় ২০১৩ সালের জানুয়ারি থেকে এ বছরের আগস্ট পর্যন্ত ৩০৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। গড়ে প্রতি মাসে কমপক্ষে ১৫ জন আত্মহত্যা করেছে। এ তালিকায় আছে সাত বছরের শিশু থেকে শুরু করে ২১-৩০ বছর বয়সী নারী-পুরুষ।
আত্মহত্যার ওপর বাংলাদেশে বৃহৎ পরিসরে কোনো জরিপ নেই। কিন্তু প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন বলছে, দেশের চারটি উপজেলায় আত্মহত্যাকারীদের বেশির ভাগ কর্মক্ষম বয়সের মানুষ। তাদের বয়স ১৪ থেকে ৩০ বছরের মধ্যে। ৭৫ থেকে ৮০ ভাগ কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।
এই পরিস্থিতিতে আজ বুধবার ১০ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য—আত্মহত্যা প্রতিরোধে ঐক্যবদ্ধ বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো আত্মহত্যা নিয়ে বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে। আত্মহত্যার শীর্ষে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান দশম। এতে দেখা গেছে, শুধু ২০১২ সালে বাংলাদেশে আত্মহত্যা করেছে ১০ হাজারের বেশি মানুষ।
শুধু যে চুয়াডাঙ্গাতেই আত্মহত্যার ঘটনা ঘটছে তা নয়, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা, পিরোজপুরের মঠবাড়িয়ায় আত্মহত্যার সংখ্যা বেড়েছে, টাঙ্গাইলের সখীপুরে তরুণ-যুবকেরা হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
চাঁদপুরের মতলবে গত আট মাসে ২৪ জন আত্মহত্যা করেছে, ৮৮ জন চেষ্টা চালিয়েছে বলে হিসাব দিচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত বছরের তুলনায় এবার আত্মঘাতী ও আত্মহত্যার চেষ্টা চালানো মানুষের সংখ্যা দ্বিগুণের বেশি। গত বছর এ সময়ে আত্মহত্যাকারীর সংখ্যা ছিল ১০ এবং চেষ্টা করেছিল ৪০ জন।
টাঙ্গাইলের সখীপুরে নারীদের আত্মহত্যার হার কমলেও বাড়ছে পুরুষদের আত্মহত্যা। গত আট মাসে সখীপুরে ১২ জন পুরুষ, আটজন নারী আত্মহত্যা করেছে। আত্মহত্যার চেষ্টা করেছে ১৯৬ জন।
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত আট মাসে ২৮ জন আত্মহত্যা করেছে। আত্মহত্যার চেষ্টা করেছে ৮৭ জন। ৭৫ থেকে ৮০ ভাগ কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।
যৌতুক, নির্যাতন, বখাটেদের অত্যাচার, পারিবারিক কলহ ও আর্থিক টানাপোড়েন, ঋণের টাকা শোধ করতে না পারা আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে মানুষকে। এসব কারণের পাশাপাশি আছে বাল্যবিবাহের মতো কারণও। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভংকর বাড়ৈ প্রথম আলোকে বলেন, দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা, মাদকাসক্তির কারণে যেমন আত্মহত্যার ঘটনা ঘটছে, তেমনি বাল্যবিবাহের ফলে সংসারে খাপ খাইয়ে নিতে না পেরে কিশোরীরাও আত্মঘাতী হচ্ছে। আছে যৌতুকের চাপও।
[প্রতিবেদনটি তৈরি করেছেন চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম, পিরোজপুর (মঠবাড়িয়া) প্রতিনিধি এ কে এম ফয়সাল, মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি মুহাম্মদ জাকির হোসেন ও টাঙ্গাইল (সখীপুর) প্রতিনিধি ইকবাল গফুর]