চুয়াডাঙ্গায় রেললাইন ও মহাসড়কে পশুর হাট
কোরবানির ঈদ সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইন ও মহাসড়কের ওপর পশুর হাট বসানো হয়েছে। এতে যানবাহন, পথচারী এবং ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।
পশুর হাটের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হলেও হাটের ইজারাদার, ইজারাদাতা পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অবশ্য গত ২৬ আগস্ট যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সম্প্রসারিত মহাসড়ক পরিদর্শনে গিয়ে বলেন, সারা দেশে কোনো মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না। এমন হাট বসার খবর পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) সাপ্তাহিক হাটের দিনসরেজমিন দেখা যায়, নিয়মনীতি উপেক্ষা করেই চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়ক ও রেললাইনের ওপর পশুর হাট বসানো হয়েছে। চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের মহিলা কলেজ থেকে সাদা ব্রিজ এলাকা পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তাজুড়ে পশু আর হাটে আসা মানুষের ভিড়। হাটের উত্তর দিকে শহরে প্রবেশের রাস্তায় সারি সারি গরু বেঁধে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। হাটে আনা গরু-মহিষের একটা বড় অংশ নিয়ে রেললাইনের ওপর ও রেললাইন ঘেঁষে চলছে বেচাকেনা।
স্থানীয় ব্যাপারী আমিরুল ইসলাম বলেন, কোরবানির ঈদ সামনে রেখে পশু আমদানি বেড়ে যাওয়ায় ও স্থানসংকুলান না হওয়ায় সড়ক আর রেললাইনের কোল ঘেঁষে হাট বসানো হয়েছে।
চুয়াডাঙ্গা-কুষ্টিয়া পথে চলাচলকারী বাসের চালক বিল্লাল হোসেন বলেন, হাটের কারণে বেলা তিনটার পর থেকে ওই সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারেনি।
আলমডাঙ্গা পশুর হাটের ইজারাদার আবদুল হান্নান বলেন, দীর্ঘদিন ধরেই প্রতি বুধবার সড়ক ও রেললাইনের ওপর পশুর হাট বসানো হচ্ছে।কোরবানি ঈদ সামনে রেখে হাটে পশু আমদানি বেড়ে যাওয়ায় সড়ক ব্যবহার করা হচ্ছে। এতে যানবাহন চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। তবে বারবার বারণ করার পরও রেললাইন ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে আলমডাঙ্গা পৌর কর্তৃপক্ষ ১৪ বিঘা জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত নিয়ে এই পশুর হাট বসিয়েছে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কামরুল বলেন, সড়ক ও রেললাইনে পশুর হাট বসানোর কারণে সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। হাটের দিন সড়ক ও রেললাইন ফাঁকা রাখতে পৌর কর্তৃপক্ষকেও বলা হয়েছে।
আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দিন বলেন, হাটের ১৪ বিঘা জমির মধ্যে চার বিঘা সড়ক উন্নয়নের সময় সড়ক ও জনপথ বিভাগ হুকুমদখল করে। ওই জমি হাতছাড়া না হলে তেমন সমস্যা হতো না। জায়গার অভাব মেটাতে হাটের পাশে ডোবা ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে।