চুয়াডাঙ্গায় সাংবাদিক লাঞ্ছিত
চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গার কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা গত মঙ্গলবার পত্রিকাটির সম্পাদক সরদার আল আমিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
এদিকে সরদার আল আমিন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকও। তাঁকে লাঞ্ছনার প্রতিবাদে ও নিজেদের নিরাপত্তার দাবিতে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকেরা গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আল আমিন জানান, মঙ্গলবার আনুমানিক রাত ৮টা থেকে ১০টার ভেতরে তিন দফায় দুর্বৃত্তরা কার্যালয়ে আসে। এর মধ্যে দ্বিতীয় দফায় পাঁচ থেকে ছয়জন তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তারা ভবিষ্যতে কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর আবার কয়েকজন এসে হুমকি দিয়ে যায়। তিনি আরও বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা ও ভাঙচুরের ঘটনায় সদর থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় তিনি বাদী ছিলেন। মামলার কারণেই তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে ধারণা করেন তিনি।
মানববন্ধন চলাকালে সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। এরপর সাংবাদিকেরা জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের সঙ্গে দেখা করেন। হুইপ ঘটনার নিন্দা জানিয়ে বিষয়টি দেখবেন বলে তাঁদের আশ্বাস দেন।