চুয়াডাঙ্গায় স্কুলছাত্র নিখোঁজ ১০ দিন, একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্র ১০ দিন ধরে নিখোঁজ। নিখোঁজের পর একটি মুঠোফোন নম্বর থেকে ওই ছাত্রের পরিবারের কাছে দফায় দফায় মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার একজনকে আটক করেছে পুলিশ।
নিখোঁজ ছাত্রের নাম সাব্বির হোসেন (১০)। সে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের পলাশপাড়ার ফেলু শেখের ছেলে এবং ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল গতকাল অভিযান চালিয়ে একটি মুঠোফোনসহ জুনায়েদ হোসেন (১৮) নামে এক ব্যক্তিকে চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোডের নিজেদের বাড়ি থেকে আটক করা হয়। আটকের পর তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
গতকাল ডিবির জেলা কার্যালয়ে সাব্বিরের বাবা ফেলু শেখ বলেন, ২০ আগস্ট সকাল নয়টার দিকে সাব্বির বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয়। বিদ্যালয় ছুটির পর বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে থানায় লিখিত অভিযোগ করা হয়।
২৪ আগস্ট একটি মুঠোফোন নম্বর থেকে সাব্বিরের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরদিন পর্যন্ত একই নম্বর থেকে দফায় দফায় ফোন আসে। এরপর ফেলু শেখসহ পরিবারের আরও দুজন সদস্য অপহরণকারীদের নির্দেশ অনুযায়ী মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারের নির্দিষ্ট স্থানে দেখা করতে যান। কিন্তু সেখানে কেউ আসেনি।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম কামরুজ্জামান বলেন, স্কুলছাত্র সাব্বির হোসেন নিখোঁজ হওয়ার পর তার দাদা ইছাহক আলী বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী বলেন, জুনায়েদই সাব্বিরের বাবা ফেলু শেখের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু ফেলু শেখ পেশায় রংমিস্ত্রি হওয়ায় মুক্তিপণের টাকা পরিশোধ করতে পারেননি।