চুয়াডাঙ্গায় জোড়া খুন মামলার প্রধান আসামি কারাগারে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুরের জোড়া খুন মামলার প্রধান আসামি আবদুল মালেক মোল্লাকে (৬০) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার আবদুল মালেক মোল্লা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শিরিন কবিতা আখতার জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ জানুয়ারি গঙ্গাদাসপুরে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন মোহাম্মদ আলী (৫০) ও তাঁর চাচাতো ভাই শাহাবুদ্দীনকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় নিহত মোহাম্মদ আলীর ছোট ভাই আবদুস সালাম বাদী হয়ে আবদুল মালেক মোল্লাসহ ৪২ জনকে আসামি করে গত ৬ জানুয়ারি জীবননগর থানায় হত্যা মামলা করেন।
মামলার প্রধান আসামি আবদুল মালেক মোল্লা সীমান্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। ওই নির্বাচন উপলক্ষে গত ৪ মে উচ্চ আদালতে জামিন আবেদন করলে আদালত ছয় সপ্তাহের জন্য তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ছয় সপ্তাহ পর আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।