চুরি করতে দেখে ফেলায় খুন হন প্রবাসীর স্ত্রী
চুরি করতে দেখে ফেলায় খুন হয়েছেন সৌদিপ্রবাসী জহির উদ্দিনের স্ত্রী হোসনে আরা বেগম (২৭)। হত্যাকাণ্ডের পর পর পুলিশের হাতে আটক ভাশুরের ছেলে মোশাররফ ও চাচাতো দেবর আমজাদ হোসেন ওরফে মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ শুক্রবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে হত্যা করার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মোশাররফ হোসেন।
গত বুধবার রাতে মিরসরাই উপজেলা খৈয়াছড়া ইউনিয়নের মজিদিয়া মুহুরীপাড়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী জহির উদ্দিনের স্ত্রী হোসনে আরা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন পুলিশ মোশাররফ হোসেন ও আমজাদ হোসেনকে আটক করে। নিহত নারীর ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে অজ্ঞাত লোকজনকে আসামি করে মিরসরাই থানায় একটি হত্যা মামলা করেন। আজ শুক্রবার এ মামলায় মোশাররফ ও আমজাদকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক সফিকুল ইসলাম আজ রাতে প্রথম আলোকে বলেন, ঘটনার কয়েক দিন আগে একটি বিমা কোম্পানি থেকে ওই নারী অনেক টাকা পেয়েছে বলে জানতে পারেন ভাশুরের ছেলে মোশাররফ। টাকাগুলো ঘরে রয়েছে, এমন ধারণায় মোশাররফ চাচা আমজাদকে নিয়ে চুরি করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুসারে, দুজনেই ঘটনার রাতে হোসনে আরার কক্ষে ঢোকেন। আলমারি খুলে দেখেন সেখানে কোনো টাকা নেই। পরে আলমারি থেকে স্বর্ণালংকার নেওয়ার সময় হোসনে আরা টের পেয়ে যান। তাঁদের চিনে ফেলায় মোশাররফ তাঁর কাছে থাকা ছুরি দিয়ে হোসনে আরাকে গলা কেটে মাটিতে ফেলে দেন। নড়াচড়া করছিলেন বলে চাচাতো দেবর আমজাদ হোসনে আরার পা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। পরে ওই কক্ষের দরজা দিয়ে মোশাররফ বের হয়ে যান। আর ঘরের দরজা বন্ধ করে বাঁশের সিলিং দিয়ে কক্ষ থেকে বের হয়ে আসেন আমজাদ।
আরও পড়ুন: