চুরি যাওয়া নবজাতক ৪ মাস পর মায়ের কোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতেই জন্মেছিল শিশুটি। মা অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। নবজাতককেও সঙ্গে নেন। সেখানেই ঘটে বিপত্তি। অচেনা এক নারী কৌশলে তাকে চুরি করে নিয়ে যান। চার মাস পর সেই বুকের ধনকে ফিরে পেয়ে এখন খুশির ঝিলিক বাবা-মায়ের চোখে-মুখে।

ঘটনাটি যশোরের কেশবপুর উপজেলার বরনডালি মাঝেরপাড়া গ্রামের। এই গ্রামের রেজাউল সানা-তহমিনা খাতুন দম্পতির ওই শিশুসন্তানের নাম আবদুল কাইয়ুম।

গত মঙ্গলবার বিকেলে রেজাউল সানার বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে রীতিমতো উৎসবের আনন্দ চলছে। বাড়িতে পাড়া-প্রতিবেশীরা ভিড় করে আছেন। তহমিনা শিশুটিকে কোল থেকে একদণ্ডও নামাচ্ছেন না।

শিশু কাইয়ুমের জন্ম, হারিয়ে যাওয়া ও ফিরে পাওয়ার ঘটনার সবিস্তারে বর্ণনা দেন বাবা রেজাউল সানা। পেশায় সেলুনকর্মী রেজাউল জানালেন, তাঁর স্ত্রী তহমিনা গত ২০ নভেম্বর বাড়িতে শিশুটির জন্ম দেন। কিন্তু এরপর তহমিনা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসা চলছিল। নবজাতক কাইয়ুমকে দেখাশোনা করতে সঙ্গে ছিলেন তহমিনার মা ফিরোজা বেগম। তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন অজ্ঞাতপরিচয় এক নারী। ২১ নভেম্বর ওই নারী কৌশলে ফিরোজার কাছ থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় রেজাউল যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়াসহ নিজেদের মতো করে খোঁজাখুঁজি চালিয়ে যান পরিবারটির সদস্যরা। কিন্তু শিশুটির হদিস পায়নি কেউই।

রেজাউল বলেন, গত শনিবার কেশবপুরের পার্শ্ববর্তী সাতক্ষীরার তালা উপজেলার সেনপুর গ্রামের একটি বিদ্যালয়ের মাঠে কে বা কারা একটি শিশুকে ফেলে রেখে যায়। কান্নাকাটির আওয়াজ শুনে এলাকার কয়েকজন তাকে উদ্ধার করে। শিশুটির পাশে একটি চিরকুট পড়েছিল। এতে তাঁর (রেজাউল) মুঠোফোন নম্বর লেখা ছিল। ফোনে খবর পেয়ে তিনি স্ত্রীকে নিয়ে ছুটে যান সেনপুর গ্রামে। সেখানে গিয়ে নিশ্চিত হন, এ শিশুটিই তাঁদের হারিয়ে যাওয়া সন্তান কাইয়ুম।