চুরি যাওয়া মালপত্র উদ্ধার না হলে ওসিকে প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের চুরি হওয়া মালপত্র উদ্ধার না হলে ৩১ ডিসেম্বরের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হককে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা দোকান মালিক সমিতি এই দাবি জানায়। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার। তিনি বলেন, চুয়াডাঙ্গা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। কয়েক মাস ধরে শহরের বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটছে। গত শনিবার হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে ন্যাশনাল ব্যাটারি হাউস থেকে ২৪ লাখ টাকার ব্যাটারি ও আইপিএস চুরি হয়েছে। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওসি তোজাম্মেল হক আসার পর শহরে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশি টহলের দেখা মেলে না। তিনি বড় বাজারের ব্যবসায়ীদের অন্যায়ভাবে ভয়ভীতি দেখান। ব্যবসায়ীরা কোনো বিপদে পড়লে ওসি সহযোগিতা না করে তিরস্কার করেন।

এ সময় সংগঠনের সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল কাদের, শাহবুদ্দীন মল্লিক, এস এম মাসুদ প্রমুখ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসব অভিযোগ সম্পর্কে তোজাম্মেল হক মুঠোফোনে বলেন, ‘ব্যবসায়ীদের অভিযোগ সঠিক নয়। কাউকে হয়রানি করা হয়নি। পুলিশ শহরে নিয়মিত টহল দেয়। বাড়তি সতর্কতা হিসেবে নৈশপ্রহরী হিসেবে বৃদ্ধদের পরিবর্তে তরুণ-যুবকদের নিয়োগ দেওয়ার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছি।’