চুরি যাওয়া শিশুটি উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর থেকে তাকে উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে এসব তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন বেলি আক্তার ওরফে রহিমা (৪৫) ও রাশেদা খানম ওরফে পারভীন (৪৮)।
র্যাবের ভাষ্য, গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারের উত্তর কলমেশ্বর এলাকায় বেলি আক্তার ওরফে রহিমার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রহিমার দাবি, রাশেদা খানম ওরফে পারভীন নামের এক ধাত্রীর কাছ থেকে শিশুটিকে নিয়েছেন তিনি। এ জন্য পারভীনকে প্রায় ৪০ হাজার টাকা দিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে ২১ আগস্ট ভোরে নবজাতক যমজের একটি চুরি হয়। শিশুটি মোহাম্মদপুরের বিজলী মহল্লার বাসিন্দা কাওছার হোসেন ও রুনা আক্তার দম্পতির। দুঃসহ স্মৃতি নিয়ে ২৬ আগস্ট বিকেলে হাসপাতাল ছাড়েন মা। চুরির এক সপ্তাহ পর শিশুটিকে উদ্ধার করল র্যাব।
হাসপাতাল সূত্র জানায়, ১৯ আগস্ট গভীর রাতে রুনা আক্তারের প্রসববেদনা শুরু হলে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়। ২০ আগস্ট ভোর পাঁচটার দিকে তিনি যমজ ছেলে জন্ম দেন। ওই দিনই মা ও যমজ নবজাতককে দোতলায় নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়। মা ও নবজাতক যমজকে সার্বক্ষণিক তত্ত্বাবধান করতেন রুনার মা গুলেনূর বেগম।
ওই দিন কান্না থামানোর কথা বলে অপরিচিত এক নারী রুনার কাছ থেকে তাঁর এক শিশুকে কোলে নিয়ে ওয়ার্ডে হাঁটাহাঁটি করেন। এ দৃশ্য হাসপাতালের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা আছে।
ধারণা করা হচ্ছে, ওই নারীই পরদিন ২১ আগস্ট সকালে রুনার যমজ দুই শিশুর একটিকে চুরি করে নিয়ে গেছেন।
নবজাতক চুরি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামলা করেছে। নবজাতক চুরির ঘটনায় করা মামলা তদন্ত করছে রমনা থানার পুলিশ।
ঘটনা তদন্তে হাসপাতালের গাইনি বিভাগের এক সহযোগী অধ্যাপককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শিশু চুরির ঘটনায় নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান।