চুরি হওয়া শিশু উদ্ধারের দাবি র‍্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি হওয়া সন্দেহে তিন দিন বয়সী একটি নবজাতককে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতাল থেকে গত শনিবার গভীর রাতে উদ্ধারের দাবি করেছে র‍্যাব। আটক করা হয়েছে ওই হাসপাতালের মালিক বিভা বিশ্বাস (৩৫) ও রাবেয়া বেগম (৬৫) নামের এক নারীকে।

র‍্যাব জানিয়েছে, রাবেয়া বেগম শিশু বিক্রির দালাল। এ ঘটনায় গতকাল রোববার মোহাম্মদপুর থানায় আটক দুজনসহ চারজনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা করেছেন র‍্যাব-২-এর নায়েব সুবেদার রফিকুল ইসলাম।

এজাহারে বলা হয়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামলীর পিসি কালচার হাউজিংয়ের লাইফ কেয়ার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের দোতলা থেকে শিশুটিকে উদ্ধার ও দুজনকে আটক করে র‍্যাব। র‍্যাবের কাছে তথ্য ছিল, ওই হাসপাতালে নিয়মিত শিশু কেনাবেচা হয়। র‍্যাব জানতে পেরেছে, একজন নারী ওই শিশুটিকে অজ্ঞাত কোনো স্থান থেকে চুরি করে এনেছিলেন। তবে ওই নারীকে ধরতে পারেনি র‍্যাব।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে বিশেষ পাহারায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ শিশুটির দাবি নিয়ে আসেননি।