চুরি হওয়া দুটি বুদ্ধমূর্তি উদ্ধার করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর কেন্দ্রীয় সৈকত বৌদ্ধবিহার থেকে চুরি হওয়া দুটি মূর্তিসহ অন্য মালামাল গত দুই দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গতকাল বুধবার দুপুরে কক্সবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ফেরদৌস আলী চৌধুরী ও সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। মূর্তি উদ্ধারের চেষ্টা চলছে বলে তাঁরা বৌদ্ধবিহারের লোকজনকে আশ্বস্ত করেন।
গত সোমবার গভীর রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা কেন্দ্রীয় সৈকত বৌদ্ধবিহারে দুর্ধর্ষ চুরি হয়। দুটি বুদ্ধমূর্তি, টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনায় বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সভাপতি সর্বানন্দ বড়ুয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন।
সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া মূর্তি ও অন্য মালামাল উদ্ধারের জন্য মহেশখালীর ওসি সাইকুল আহম্মেদ ভূঁইয়া ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।
মো. মাসুদ আলম বলেন, এখন থেকে বাড়তি নিরাপত্তার জন্য পুলিশের পাঁচ সদস্যের একটি দল বৌদ্ধবিহারের সামনে দায়িত্ব পালন করবে।
বৌদ্ধ সমিতির কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সৈকত বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জেমশেন বড়ুয়া বলেন, এ ঘটনার পেছনে কারা জড়িত, তা বের করার পাশাপাশি মূর্তি উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন বলেন, মূর্তি উদ্ধারের চেষ্টা চলছে।