চুরি হওয়া নবজাতক উদ্ধার, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেকে ফিরে পাওয়ায় খুশি আনোয়ার-সালমা দম্পতি l প্রথম আলো
ছেলেকে ফিরে পাওয়ায় খুশি আনোয়ার-সালমা দম্পতি l প্রথম আলো

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া নবজাতক শিশু তাসকিন আকনকে উদ্ধার করেছে র্যা ব। হাসপাতালে মায়ের কোল থেকে চুরি হওয়ার তিন দিন পর উদ্ধার হয়েছে শিশু তাসকিন। শিশুটি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব।
গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত র্যা ব-৮-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে র্যা বের পক্ষ থেকে শিশুটিকে তার মা সালমা বেগমের হাতে তুলে দেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার আমতলী উপজেলার নলবুনিয়া গ্রামের রিনা বেগম (২২) ও তাঁর স্বামী মো. সোলায়মান হোসেন (২৮) এবং রিনা বেগমের মা একই গ্রামের ইউনুচ হাওলাদারের স্ত্রী হাওয়া বিবি (৪৫)। চিকিৎসাজনিত কারণে তাঁরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে অবস্থান করছিলেন।
৪ জুন ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন সালমা বেগমের কোল থেকে তিন দিন বয়সের শিশু তাসকিন চুরি হয়। হাসপাতালের ওই ওয়ার্ডে সালমা বেগমের পাশে চিকিৎসাধীন বরগুনার রিনা বেগম ওই দিন ভোররাতে নিরুদ্দেশ হন। এ ঘটনায় রিনা বেগম নবজাতককে নিয়ে পালিয়ে যেতে পারেন এমন সন্দেহ হয় নবজাতকের মা সালমা বেগমের।
সংবাদ সম্মেলনে র্যা ব জানায়, এ ঘটনায় ৪ জুন অপহৃত নবজাতক শিশুটির বাবা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। একই সঙ্গে ৫ জুন র্যা বের কাছে শিশু উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে র্যা ব অভিযান শুরু করে। গত বুধবার রাতে অভিযান চালিয়ে বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া গ্রাম থেকে রিনা বেগমের মা হাওয়া বিবিকে আটক করা হয়। র্যা বের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হাসপাতাল থেকে শিশু চুরির কথা স্বীকার করেন। এরপর তাঁকে সঙ্গে নিয়ে ওই রাতেই র্যা বের দলটি নারায়ণগঞ্জের ফতুল্লায় রিনা বেগমের ভাড়া বাসায় অভিযান চালায়। ভোররাতে রিনা বেগমের ভাড়া বাসা থেকে চুরি হওয়া শিশু তাসকিনকে উদ্ধার করা হয়। সেখান থেকে রিনা বেগম ও তাঁর স্বামী মো. সোলায়মান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যা ব বরিশালের উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় র্যা ব গত বুধবার রাত আনুমানিক পৌনে ১১টায় মামলার ৩ নম্বর আসামিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যমতে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল ভোররাত আনুমানিক তিনটার দিকে নবজাতককে উদ্ধার করা হয়। গতকাল গণমাধ্যমের সামনে নবজাতককে তার বাবা-মায়ের কাছে তুলে দেওয়া হয়।