চুরি হওয়া রপ্তানিপণ্য উদ্ধার
চট্টগ্রামের মিরসরাই থেকে চুরি হওয়া রপ্তানিপণ্য ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে পণ্যগুলো উদ্ধার করে সীতাকুণ্ড থানায় আনা হয়।
পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে পরিবহন সংস্থা বর্ণালী ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যানে করে ৫৮২ কার্টন সোয়েটার রপ্তানির জন্য সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে নেওয়া হচ্ছিল। ভোররাতে চোরের দল চালকের সঙ্গে যোগসাজশে মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় কৌশলে কার্টনগুলো খুলে ১ হাজার ৭৭০টি সোয়েটার চুরি করে। সোয়েটার চুরির পর চোরেরা কার্টনগুলো আবার বন্ধ করে দেয়। বিএম কনটেইনার ডিপোতে পণ্য প্রক্রিয়াকরণের সময় ওজন কম থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সন্দেহ হয়। এরপর তাঁরা কার্টনগুলো খুলে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে বিষয়টি পরিবহন সংস্থাকে জানানো হয়।
পুলিশ জানায়, চোরেরা সোয়েটারগুলো ঢাকার মিরপুরে অন্য একটি চোর চক্রের কাছে বিক্রি করে দেয়।