প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার নারানদিয়া গ্রাম থেকে চুরির তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে এক বছর বয়সী একটি শিশু। গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে তাকে উদ্ধার করা হয়। চুরি যাওয়া শিশুটি নারানদিয়া গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের সন্তান বিশাল বিশ্বাস। শিশুটির মা শতাব্দী বিশ্বাস বলেন, তিনি শিশুকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে ঘুম ভেঙে গেলে দেখতে পান সন্তান বিছানায় নেই এবং ঘরের দরজা খোলা। তাঁদের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের সবাই জড়ো হন। স্থানীয় নিতাই বিশ্বাস বলেন, ভোরে তিনি কাশিপুর বান্দা বটতলায় ওই শিশুটিকে এক যুবকের কোলে দেখতে পান। ওই যুবকের নাম মতিয়ার সরদার। কার শিশু জানতে চাইলে মতিয়ার শিশুটিকে ফেলে পালিয়ে যান।