চুরি হচ্ছে রাস্তার দুই ধারের মরা গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর, বোঁচাগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের দুই ধারে সরকারিভাবে লাগানো মরা গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষের নজরদারির অভাব ও নিলামে বিক্রির উদ্যোগ না থাকায় গাছগুলো চুরি হচ্ছে বলে এলাকাবাসীর ধারণা।
ইউনিয়ন পরিষদ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এলজিইডি, বন বিভাগ, বিআরডিবি, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। শিশু, রেইনট্রি, শিলকড়ই, মেহগনি, আকাশমণি, আম-কাঁঠালসহ এসব গাছ ২২-২৩ বছরে বড় হয়ে সম্পদে পরিণত হয়েছে। তবে নানা কারণে এর শত শত গাছ মরে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।
চলতি মাসের (নভেম্বর ১৪) তিন থেকে আট তারিখ পর্যন্ত বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, পীরগঞ্জ-কাতিহার সড়কের দুই পাশে ৩৪টি, পীরগঞ্জ-বোঁচাগঞ্জ সড়কে ৪৩টি, পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা থেকে রানীশংকৈল হয়ে হরিপুর উপজেলা পরিষদের ফটক পর্যন্ত শতবর্ষী আম ও কাঁঠালসহ ৮৯টি মরা গাছ রয়েছে। পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা থেকে শিবগঞ্জ পর্যন্ত ২৭টি, পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের বকুলতলা ৩২টি, পীরগঞ্জ-জাবরহাটে ৭৬টি, জাবরহাট থেকে বৈরচুনা পর্যন্ত রাস্তার দুই ধারে কাঁঠালসহ ৩৪টি, পীরগঞ্জ থেকে সাগুনী পর্যন্ত ১৯টি, পীরগঞ্জ থেকে ফকিরগঞ্জ বিজিবি ক্যাম্প পর্যন্ত ৫৪টি, গোদাগাড়ী সড়কের দুই ধারে ২১টিসহ বিভিন্ন সড়কের দুই ধারে সহস্রাধিক মরা গাছ আছে। তবে প্রায় দিনই কেটে ফেলা হচ্ছে মরা গাছ।
জাবরহাট ইউপি সদস্য সমেস চন্দ রায় জানান, একশ্রেণির মানুষ অভাবের তাড়নায় ও অভ্যাসগতভাবে এসব গাছের ডালপালা কাটছে।
পীরগঞ্জ সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র আবদুল আউয়াল বলেন, সেনগাঁও সড়কে আমতলী খামারের পাশের দুটি মরা গাছ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কেটে নিয়েছে মানুষ। কেউ তাদের বাধা দেয়নি। ভোরে রাস্তায় কেউ না থাকলে গাছ কাটা হয়।
পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান, সড়কের পাশে মরা গাছ থাকলেই একশ্রেণির মানুষ কেটে নিয়ে যায়। এর সংখ্যা প্রতি মাসে কমপক্ষে ৩০টি হবে। এগুলো নিলামে বিক্রি করলে লাখ লাখ টাকার রাজস্ব আয় হবে। ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের জন্য তালিকা তৈরি করে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে নিলামে বিক্রির চেষ্টা চলছে।