চুরির অপবাদ, কিশোরকে বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই হাজার টাকা ও রুপার দুটি আংটি চুরির অভিযোগ এনে কিশোর রাসেল হাওলাদারকে ভ্যানের সঙ্গে পিছমোড়া করে বেঁধে মারধর করা হয়েছে। এরপর ভ্যানের সঙ্গে রাসেলের হাত-পা বাঁধা অবস্থায় ভ্যান চালিয়ে রাস্তার এক মাথা থেকে অপর মাথায় টেনেহিঁচড়ে নেওয়া হয়েছে। এতে সে অচেতন হয়ে পড়লে তাকে রাস্তায় ফেলে রেখে চলে যান নির্যাতনকারীরা। গত মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের আয়নাল হাওলাদারের নেতৃত্বে মামুন, কালু, সানু, রুবেল, ইব্রাহিম, ফারুক, সোহাগসহ আরও ৮-১০ যুবক এ নির্যাতন চালান।
এ ঘটনায় গতকাল বুধবার কলাপাড়া থানায় রাসেলের বাবা মো. নুরুল ইসলাম আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আয়নাল হাওলাদার, কালু, রুবেল, মামুন ও ফারুককে মহিপুর বন্দর থেকে গ্রেপ্তার করেছে।
রাসেল হাওলাদারের মা সুফিয়া খাতুন বলেন, কয়েক দিন আগে ভাড়ার মোটরসাইকেলচালক আয়নালের ঘর থেকে আড়াই হাজার টাকা ও রুপার দুটি আংটি চুরি হয়। নজিবপুর গ্রামে তাঁদের পাশাপাশি ঘর হওয়ায় আয়নাল রসেলকে (১৪) সন্দেহ করেন। মঙ্গলবার দুপুরে আয়নাল ও তাঁর সহযোগীরা তাঁদের ঘরে গিয়ে চুরি যাওয়া টাকা ও আংটির খোঁজে মালামাল তছনছ করেন। এ তাঁর সামনে থেকে রাসেলকে ধরে নিয়ে যান। এরপর রাস্তায় নিয়ে ভ্যানের সঙ্গে হাত-পা বেঁধে ছেলেটিকে মেরেছেন। ভ্যান রাস্তার এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত চালিয়ে রাসেলকে হিঁচড়ে নিয়ে গেছেন। তাঁদের নির্যাতনে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে। মানুষজন তামাশা দেখেছেন, ছেলেটিকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। সুফিয়া খাতুন অভিযোগ করেন, ‘আমার পোলাডা চুরি করে নাই, অরে খামাখা এই রহম কইরা মারছে।’
আয়নালের বাবা দাবি করেন, ‘রাসেলই আমার ছেলের আংটি ও টাকা চুরি করেছে। এ জন্য তাকে মারধর করা হয়েছে। তবে এতে আঘাত যে এতটা গুরুতর হবে তা আমার ছেলে বুঝতে পারেনি।’
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এইচ এম মাহবুবুল আলম বলেন, রাসেলের শরীরের বিভিন্ন স্থানে জখম আছে। ও আশঙ্কামুক্ত। তবে পুরোপুরি সেরে উঠতে কয়েক দিন সময় লাগবে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, কিশোর রাসেলকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।