চুরির অপবাদ দিয়ে কিশোরকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরির অপবাদ দিয়ে সবুজ মিয়া নামের এক কিশোরকে ভয়াবহ নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাঁ হাতের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করা হয়েছে। গত সোমবার এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার সবুজ মিয়া (১৩) পাকুন্দিয়া উপজেলার গাংকুল আহুতিয়া গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় সবুজের ফুফু বিলকিছ আক্তার পাকুন্দিয়া থানায় উপজেলার পবনখালী বাজারের মুদি দোকানদার ফিরোজ মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। সবুজ এখন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ফিরোজ মিয়া তাঁর দোকান থেকে মোবাইল রিচার্জ করার কার্ড চুরির অপবাদ দিয়ে সবুজকে ডেকে দোকানের ভেতরে নিয়ে যায়। পরে তিনি সবুজের বাঁ হাতের কয়েকটি স্থান ছুরি দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করেন। এ সময় লাঠি দিয়ে তাঁকে বেদম পিটুনি দেওয়া হয়। পরে স্থানীয় ব্যক্তিরা চিৎকার শুনে তাঁকে উদ্ধার করে সোমবার বিকেলে তাঁকে চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সবুজ হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। তাঁর বাঁ হাতে ছুরি দিয়ে চার জায়গায় আঘাত করা হয়েছে। চুরির বিষয়টি অস্বীকার করে সবুজ জানায়, সে চুরি করেনি। তারপরও তাঁকে নির্যাতন করা হয়েছে।
বিলকিছ আক্তার দাবি করেন, সবুজ রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে। তার বাবা অনেক আগেই মারা গেছেন। মা নাজমা বেগম জর্ডানে রয়েছেন দুই বছর ধরে।
এ ব্যাপারে কথা বলতে ফিরোজ মিয়ার দোকানে গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে বারবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। ফিরোজকে গ্রেপ্তারের জন্য তাঁর দোকান ও বাড়িতে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তাঁকে ধরার জন্য বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান অব্যাহত আছে।