চুরির অপবাদ দিয়ে গৃহবধূকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় খেজুরের রস চুরির অপবাদ দিয়ে এলাকার ইউপি সদস্য ও মাতবররা এক গৃহবধূকে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার পুলিশ মো. নাছির হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গত রোববার নির্যাতনের শিকার আনোয়ারা বেগমের স্বামী মো. মনির হোসেন রামগঞ্জ থানায় মামলা করেন। এতে ইউপি সদস্য বিল্লাল হোসেনসহ পাঁচজনকে আসামি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, চণ্ডীপুর ইউনিয়নের ফকিরপুর গ্রামের আনোয়ারা বেগমের স্বামী মো. মনির চলতি মৌসুমে কয়েকটি খেজুরগাছ পার্শ্ববর্তী নারায়ণপুর গ্রামের রাজের বাড়ির মো. সোলেমানকে বর্গা দেন। সোলেমান গাছ বর্গা নেওয়ার পর খেজুরের রস একাই ভোগ করতে থাকেন। এতে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারা বেগম তাঁর ছোট শিশুকে নিয়ে বাড়ির পাশের একটি খেজুরগাছের রস আনতে যান। এ সময় সোলেমান তাঁকে চোর অপবাদ দিয়ে ঘটনাস্থলে বেদম মারধরের পর আটকে রাখেন।
পরে ওই দিন রাত নয়টায় চণ্ডীপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য খিজির আহম্মেদ, ইছাপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বিল্লাল হোসেন, একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ গ্রামের মাতবরদের নিয়ে একটি সালিসি বৈঠক বসে। এতে আনোয়ারা বেগমকে চোর সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা এবং বেত্রাঘাত করার সিদ্ধান্ত নেওয়া হয়। রায়ের পর সোলেমানের নেতৃত্বে কাউনিয়া বাজারে নিয়ে আনোয়ারাকে মারধর করে নির্যাতন চালানো হয়। জরিমানার টাকা দিতে না পারায় তাঁর বাড়ি থেকে ৪০ হাজার টাকা দামের একটি গরু নিয়ে যান তাঁরা।
আনোয়ারা বেগম বলেন, ‘সম্পত্তি নিয়ে আমার বাড়ির ও আশপাশের লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছে। আমাকে এলাকাছাড়া করতে ইউপি সদস্য খিজির আহম্মেদ, বিল্লাল হোসেন ও আওয়ামী লীগের নেতা খোরশেদ পরিকল্পিতভাবে চোর বানিয়ে মারধর করেন।
মামলার পর থেকে সোলেমান, বিল্লাল হোসেনসহ আসামিরা পলাতক রয়েছেন। তবে ঘটনার পর বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘ তথ্যপ্রমাণের ভিত্তিতে আনোয়ারা চোর প্রমাণিত হওয়ায় জরিমানা করেছি। কিন্তু তাঁর কাছে টাকা না থাকায় একটি গরু ইউপি সদস্য খিরিজের জিম্মায় রাখা হয়েছে।’