চুরির অপবাদ দিয়ে তরুণকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে গত বুধবার চুরির অপবাদে এক তরুণকে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরদিন ওই তরুণ ও তাঁর বাবার বিরুদ্ধে মামলাও হয়েছে।
নির্যাতনের শিকার তরুণের নাম মো. বাবুল (১৮)। তাঁর বাবার নাম ছগির হোসেন। তাঁর বাড়ি রূপধন গ্রামে। তিনি ওই ঘটনায় বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন এবং শুক্রবার পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হয়রানি বন্ধ ও নির্যাতনের বিচার চেয়েছেন।
সংবাদ সম্মেলনে ছগির হোসেন বলেন, রূপধন গ্রামের কাটাখালী বাজার থেকে ২৬ আগস্ট ব্যাটারিচালিত অটোরিকশার দুটি মোটর চুরি হয়। এ ঘটনায় বুধবার বিকেলে ইউপি সদস্য মকবুল হোসেন তাঁর সহযোগী আবদুর রহিম, আবদুল জলিলসহ পাঁচ-ছয়জন এসে বাবুলকে ধরে নিয়ে যান। তাঁকে কাটাখালী ও ঘুদিঘাটা বাজারে নির্যাতন করে কাকচিড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। রাতে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সঞ্জয় মণ্ডল ও মকবুল হোসেন আবার বাবুলের ওপর নির্যাতন চালান। এ সময় বাবুল অসুস্থ হয়ে পড়েন। গভীর রাতে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। পরদিন বাবুল, ছগির হোসেনসহ তিনজনের বিরুদ্ধে চুরির মামলা করা হয়।
ইউপি সদস্য মকবুল হোসেন বলেন, ‘কাটাখালী বাজারের কয়েকজন লোক বাবুলকে ধরে আমার কাছে দিয়েছেন। তাঁকে ধরার সময় কয়েকজন মারধর করেছেন। আমি তাঁকে ফাঁড়িতে হস্তান্তর করেছি। পুলিশ তাঁকে মারধর করেছে কি না, তা জানা নেই।’
সঞ্জয় মণ্ডল বলেন, বাবুলকে ফাঁড়িতে নির্যাতন করা হয়নি। এখানে হস্তান্তরের সময় তাঁর নাক দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ধরার সময় তাঁকে মারধর করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ছগির হোসেন কাটাখালী বাজারের ইজারাদার। কিন্তু বৈশাখ থেকে সাড়ে চার মাস ধরে বাজারে কাকচিড়া ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন টোল আদায় করতে বাধা দিয়ে আসছেন। এর জের ধরে তাঁদের চুরির মামলায় ফাঁসানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, ইজারা নিয়ে ছগির হোসেনের সঙ্গে তাঁর বিরোধ নেই। ইজারার পুরো টাকা তাঁকে দিয়ে দেওয়া হয়েছে। তাঁর ছেলেকে কারা মেরেছে বা কী কারণে মামলা হয়েছে, তা তিনি জানেন না।
পাথরঘাটা থানার ওসি জিয়াউল হক বলেন, ‘বাবুল এলাকায় চোর হিসেবে পরিচিত। এ ঘটনায় তদন্ত হচ্ছে।’