চুরির অপবাদ দেওয়ায় গোপালগঞ্জে বিষপানে তরুণের মৃত্যু
গোপালগঞ্জে সালিস বসিয়ে মুরগি চুরির অপবাদ দিয়ে জরিমানা করায় রিপন মজুমদার (২০) নামের এক তরুণ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে।
মৃত রিপন মজুমদার ওই গ্রামের খুদে মজুমদারের ছেলে। গত বৃহস্পতিবার সকালে তিনি বাড়িতে বিষপান করেন এবং বিকেলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, ১০ জুন দিবাগত রাতে ওই গ্রামের মরণ ও স্বপনের বাড়ি থেকে তিনটি মুরগি চুরি হয়। ওই গ্রামের রিপন ও বিভাস তাঁদের দুই সহযোগীর সহায়তায় মুরগিগুলো চুরি করেছেন, এ অভিযোগে গত বুধবার রাতে রিপনের বাড়িতে সালিস বসানো হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইকরাম সমাজদার, মুরব্বি আবুল বাসারসহ ওই এলাকার পাঁচ ব্যক্তি এ সালিস পরিচালনা করেন। সালিসে রিপন ও বিভাসকে ৩০০ টাকা করে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।
আবুল বাসার বলেন, রিপন ও বিভাস তাঁদের আরও দুই সহযোগীকে নিয়ে দুটি পরিবারের তিনটি মুরগি চুরি করে খেয়েছেন। এ জন্য এ সালিস করা হয়েছে।
রিপনের বাবা খুদে মজুমদার অভিযোগ করেন, ‘আমার ছেলে মুরগি চুরি করেনি। মিথ্যা চুরির অপবাদে বিচার করায় রিপন অভিমান ও মনঃকষ্টে বৃহস্পতিবার সকালে বাড়িতে বিষপান করে। তাকে মুমূর্ষু অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুস সোবাহান বলেন, ময়নাতদন্তের পর লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়া চলছে।