চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা?
চুরির অপবাদ সইতে না পেরে সাতক্ষীরা শহরের এক দোকান কর্মচারী আত্মহত্যা করেছেন বলে তাঁর স্বজনেরা দাবি করেছেন। ওই কর্মচারীর নাম আবদুল আলিম। বাড়ি শহরের পলাশপোলের বউবাজার এলাকায়। গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
শহরের পলাশপোল এলাকার হাসান স্টিল ফার্নিচারে কাজ করতেন আবদুল আলিম (৩২)। দোকানমালিক শেখ হাসানুজ্জামান তাঁর কাছে ৩০ হাজার টাকা পেতেন। আরও ৩০ হাজার টাকার ফার্নিচার চুরি করে বিক্রির অভিযোগ এনে তিন সপ্তাহ আগে আলিমের বাবার কাছ থেকে একটি স্ট্যাম্পে সই নেওয়া হয়। এ নিয়ে গত সোমবার আলিমের সঙ্গে হাসানুজ্জামানের বাগ্বিতণ্ডা হয়। এ সময় আলিমকে চোর অপবাদ দিলে তিনি প্রতিবাদ করেন।
আলিমের বাবা আবদুর রহমান প্রথম আলোকে বলেন, কাজের অর্ডার হিসেবে হাসানুজ্জামানের কাছ থেকে নেওয়া ৩০ হাজার টাকা শোধ করতে পারছিলেন না তাঁর ছেলে। একপর্যায়ে হাসানুজ্জামান তাঁকে স্ট্যাম্পে লিখে দিতে বাধ্য করেন। এরপরও ছেলেটিকে চুরির অপবাদ দেওয়া হয়। এই অপবাদ সহ্য করতে না পেরে আলিম আত্মহত্যা করেছেন।
আবদুল আলিমের স্ত্রী নার্গিস খাতুন বলেন, চুরির অপবাদ শুনে বাড়ি এসে মন খারাপ করে বসে ছিলেন আলিম। তিনি স্বামীকে অনেক বুঝিয়েছিলেন। কিন্তু ভোর চারটার দিকে দেখতে পান বাড়ির একটি কক্ষে আলিম গলায় ফাঁস নিয়েছেন। পরে তাঁরা আলিমকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আলিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেখ হাসানুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর থানার এসআই হুমায়ুন কবির বলেন, সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।