চুরির অপবাদে কিশোরকে মারধর, মামলা
বাইসাইকেল চুরির অভিযোগে ঢাকার সাভারের আশুলিয়ায় মো. শাকিল (১৬) নামের এক কিশোরকে বেদম মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কিশোর বর্তমানে রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে কিশোরের পরিবার ছয়জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করেছে। তবে আজ শনিবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শাকিলের পরিবারের অভিযোগ, শাকিল আশুলিয়ার মীরের চাঁনগাঁও গ্রামে পরিবারের সঙ্গে থাকে। বাইসাইকেল চুরির অপবাদ দিয়ে গত সোমবার বিকেলে একই গ্রামের ছয় ব্যক্তি শাকিলকে বাড়ি থেকে ধরে তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে দীর্ঘক্ষণ আটকে রেখে তাকে মারধর করে। খবর পেয়ে শাকিলের পরিবারের কয়েকজন সেখানে গেলে তাঁদের ওপরও চড়াও হয়। পরে তাঁরা শাকিলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরের দিন তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শাকিলের চাচা মো. সোহরাব ছয়জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করেন। আসামিরা হলেন: আবুল মণ্ডল, কুরজত মণ্ডল, দুলাল মণ্ডল, নুর জামালা মণ্ডল, ভুট্টু মণ্ডল ও মো. বদির। আসামিরা পরস্পর আত্মীয় ও প্রতিবেশী। তাঁরা পাশাপাশি বাড়িতেই থাকেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমজাদুল হক বলেন, শাকিলের পিঠে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন আছে। পায়েও আঘাত আছে। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যায়।
আজ শনিবার আসামি আবুল মণ্ডলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আশপাশের বাড়িতে অন্য আসামিদেরও পাওয়া যায়নি। তবে আবু মণ্ডলের এক আত্মীয় বলেন, কয়েক দিন আগে তাঁদের বাসা থেকে একটি মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি হয়। ওই বাইসাইকেলটি শাকিলের কাছে পাওয়া যায়। এ কারণে সাইকেলসহ তাকে ধরে এনে কিছু মারপিট করা হয়েছে।
শাকিলের চাচা মামলার বাদী সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, গত সোমবার বাড়ির পাশে ঝোপে একটি বাইসাইকেল কুড়িয়ে পায় শাকিল। সে বিষয়টি পরিবারকে জানায়। পরিবারের লোকজন সাইকেল পাওয়া যাওয়ার কথা মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তার আগেই তাকে ধরে নিয়ে গিয়ে চুরির অপবাদ দিয়ে শাকিলকে ধরে নিয়ে যান আসামিরা। সোহরাব অভিযোগ করেন, শাকিলকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। তিনি বলেন, আসামিরা অত্যন্ত প্রভাবশালী। এ কারণে শাকিলকে সাভারের কোনা হাসপাতালে না রেখে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থের ওই হাসপাতালের ঠিকানা কাউকে দিচ্ছেন না তাঁরা।
মামলার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির প্রথম আলোকে বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।