চুরির অপবাদে মারধর, কিশোরের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানাখী গ্রামে অটোরিকশার ব্যাটারি চুরির অপবাদ দিয়ে মারধর ও মা-বাবাকে অপদস্থ করায় এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা কিশোরের নাম আবু কাউসার (১৪)। তার বাবা উপজেলার নানাখী গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী সফিউল হক।
কাউসারের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কাউসার লেখাপড়া ছেড়ে কিছুদিন ধরে নিজের অটোরিকশা চালাচ্ছিল। শুক্রবার কাউসারের অটোরিকশা ভাড়া করে একটি ব্যাটারি নিয়ে ওঠে এলাকার কয়েকজন বখাটে। এরপর এক জায়গায় নিয়ে ব্যাটারিটি বিক্রি করে তারা। চুরি যাওয়া ব্যাটারিটির মালিক পঞ্চমী ঘাট বাজারের ব্যবসায়ী রিপন মিয়া। অটোরিকশায় বখাটেদের তোলায় রিপন ব্যাটারি চুরির ঘটনায় কাউসারকেও দায়ী করেন। এরপর শনিবার সকালে পঞ্চমী ঘাট বাজারে কাউসারকে মারধর করেন তিনি। কাউসারের বাড়িতে গিয়ে তার মা-বাবাকে (সফিউল ও তাঁর স্ত্রী) অপদস্থ করেন তিনি। এ ঘটনার পর শনিবার বিকেলে কাউসার বিষপান করে। পরে রাত একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিপন মিয়া বলেন, ‘আমার গ্যারেজ থেকে এলাকার বখাটে যুবকেরা ব্যাটারি চুরি করে। আবু কাউসার তার অটোরিকশা দিয়ে যুবকদের বহন করে অপরাধ করেছিল। এ জন্য তাকে মারধর করেছেন বাজারের ব্যবসায়ীরা। এ ঘটনায় সে আত্মহত্যা করবে আমরা বুঝতে পারিনি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বলেন, ‘আমি ঘটনা তদন্ত করে চুরির সঙ্গে আবু কাউসারের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাইনি। কিশোরের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমরা তাদের সহযোগিতা করব।’ কাউসারের বাবা সফিউল হক বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমি থানায় মামলা করব।’