চুরির অভিযোগ এনে ছাত্রকে হত্যা?

গোপালগঞ্জ সদর উপজেলায় চুরির অভিযোগ এনে প্রহ্লাদ মণ্ডল (২০) নামের এক ছাত্রকে হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে কাজুলিয়া গ্রামের প্রতিবেশী শিহদুল হাওলাদারের বৈঠকঘরের ছাদের হুকের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে ঘটনার বিচারের দাবিতে গতকাল বেলা ১১টা থেকে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন প্রহ্লাদের স্বজন ও গ্রামের লোকজন। এরপর শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
প্রহ্লাদ কাজুলিয়া গ্রামের দিনমজুর রমেশ মণ্ডলের ছেলে। তিনি খুলনার খানজাহান আলী পলিটেকনিক ইনস্টিটিউটের কৃষি ডিপ্লোমা বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন।
গোপালগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে প্রহ্লাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কাজুলিয়া গ্রামের শ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়।
প্রহ্লাদের মা উষা রানী মণ্ডল গতকাল আহাজারি করতে করতে বলেন, ‘দিনমজুরি করে একমাত্র ছেলেকে লেখাপড়ায় দিয়েছিলাম। আমার সব শেষ হয়ে গেল।’ তিনি অভিযোগ করেন, ‘বসতভিটা দখলের উদ্দেশ্যে আমার ছেলেকে হত্যা করে চুরির অপবাদ দিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে। এ হত্যার সঙ্গে প্রতিবেশী শহিদুল হাওলাদার, সিরাজ হাওলাদার, শহিদুলের ভাগনে রাসেল ও সোহেল জড়িত।’
অভিযোগ ওঠা ব্যক্তিরা ঘটনার পর থেকে পলাতক। শিহদুলের স্কুলপড়ুয়া এক ভাগনি দাবি করে, ‘প্রহ্লাদ ঘরে ঢুকে দুটি স্বর্ণের হার ও টাকা চুরি করেন। আমার মামা শহিদুল ও আরও কয়েকজন তাঁকে ধরে মারধর করে ঘরে আটকে রাখেন। পরে তিনি আত্মহত্যা করেন।’
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বলেন, গতকাল দুপুরে প্রহ্লাদের বাবা রমেশ মণ্ডল থানায় হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক।