চুরির অভিযোগ, নির্যাতিত কিশোর হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চুরির অভিযোগে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই কিশোরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় মামলা হয়েছে।

পুলিশ ও ওই কিশোরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সোমবার দুপুরে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের পবনখালী বাজারের মুদি দোকানদার ফিরোজ মিয়া মোবাইল রিচার্জের কার্ড চুরির অভিযোগ এনে ওই কিশোরকে ডেকে দোকানের ভেতরে নিয়ে যান। সেখানে তার গলা চেপে ধরে বাঁ হাতে এলোপাতাড়ি ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করেন। এ সময় লাঠি দিয়েও তাকে বেদম মারপিট করা হয়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আজ মঙ্গলবার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ক্ষতবিক্ষত হাত নিয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে ওই কিশোর। তার বাঁ হাতে ছুরি দিয়ে চার জায়গায় ক্ষতবিক্ষত করা হয়েছে। ওই কিশোর জানায়, সে চুরি করেনি। তারপরও তাকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে।

কিশোরের ফুফু জানান, ওই কিশোরের বাবা অনেক আগেই মারা গেছেন। মা–ও বিদেশে রয়েছেন দুই বছর ধরে। সে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে। তাকে বিনা দোষে অমানুষিক নির্যাতন করা হয়েছে অভিযোগ করে তিনি মুদি দোকানি ফিরোজ মিয়ার শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে কথা বলতে ফিরোজ মিয়ার দোকানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে বারবার চেষ্টা করে সেটিও বন্ধ পাওয়া যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ফিরোজকে ধরার জন্য তাঁর দোকানে ও বাড়িতে অভিযান চালানো হয়েছে। তিনি পালিয়ে আছেন। তবে তাঁকে ধরার জন্য বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান অব্যাহত আছে।