চুরির অভিযোগে আটক কিশোরকে ছিনতাই, দোকানে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দরে চুরির ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও দোকানের মালিককে মারধর করা হয়েছে।

    এ ঘটনার প্রতিবাদে ওই  বাজারের কয়েক শ ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ওই বন্দরের ফাহিম ফ্যাশন নামে কাপড়ের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। ওই সময় হাতেনাতে মো. বাবু ও ফয়সাল নামে দুই কিশোরকে আটক করা হয়।

খবর পেয়ে আটক দুই কিশোরকে ছিনিয়ে নেওয়ার জন্য স্থানীয় সৈকত মোল্লা ও রাব্বি তালুকদারের নেতৃত্বে কয়েকজন ওই দোকানে হামলা চালান।

এ সময় তাঁরা দোকানের মালিক মো. কাওছার  সিকদারকে মারধর করেন এবং দোকানে ভাঙচুর ও মালামাল  তছনছ করে বাবুকে ছিনিয়ে নিয়ে যান। পরে পুলিশ গিয়ে আটক অপর কিশোর কাওছারকে কালিশুরী পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

এদিকে দোকানের মালিককে মারধর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদে ওই বন্দরের কয়েক শ ব্যবসায়ী তাঁদের দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল বের করেন এবং বেলা দেড়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধর্মঘট পালন করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, ফয়সালকে কালিশুরী পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।