চুরির অভিযোগে কর্মচারীকে রড দিয়ে পেটানোর অভিযোগ
জামালপুর সদর উপজেলায় সোনার দোকানে চুরির অভিযোগে কর্মচারীকে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে নান্দিনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম নিতাই কর্মকার (২৪)। তাঁর বাড়ি নান্দিনা পশ্চিম বাজার এলাকায়। আহত অবস্থায় তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, নিতাই কর্মকার চার বছর ধরে লিটন জুয়েলারি নামের ওই সোনার দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। শুক্রবার রাতে দোকানটিতে চুরি হয়। এ অভিযোগে মালিক লিটন মিয়া গতকাল সকালে তাঁকে বাড়ি থেকে ধরে আনেন। পরে লিটন ও তাঁর লোকজন দোকানের ভেতরে নিয়ে নিতাইকে রড দিয়ে বেধড়ক পেটান। খবর পেয়ে নিতাইয়ের আত্মীয়স্বজন গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নিতাই কর্মকারের বড় ভাই কার্তিক কর্মকার বলেন, শুক্রবার রাতে নিতাই বাড়িতেই ঘুমিয়ে ছিল। সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে ওই দোকানের মালিক তাঁকে নির্মমভাবে রড দিয়ে পিটিয়েছেন। পিটিয়ে দুটি পায়ের অবস্থা খারাপ করে ফেলেছেন। চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এখনো অভিযোগ দায়ের করেনি। তবে অবশ্যই থানায় অভিযোগ দেওয়া হবে।
দোকানটির মালিক লিটন মিয়া বলেন, ‘সকালে দোকানে এসে দেখি তালা খোলা। ভেতরে স্বর্ণ রাখার বাক্সের দুটি ড্রয়ার নেই। ড্রয়ারে পৌনে দুই ভরি স্বর্ণ ও কিছু টাকা ছিল। দোকানে নিতাই দীর্ঘদিন ধরে রয়েছেন। আমি স্বর্ণ ও টাকা কোথায় রাখি সেটা তিনি জানেন। তিনি আমার দোকানে চুরি করেছেন। বিষয়টি স্বীকার করার জন্য তাঁকে হালকা মারধর করা হয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ থানায় এখনো কেউ দেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।