চুরির অভিযোগে গৃহবধূকে ন্যাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় চুরির অভিযোগে এক গৃহবধূকে (৪৫) মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ৮ জুলাই বিকেলে নগরকান্দা উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটলেও মামলা হয় গত বুধবার রাতে। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে।
কয়েকজন ব্যবসায়ী ও এজাহারের বিবরণ অনুযায়ী, এই গৃহবধূ ৮ জুলাই বিকেলে বাজারের একটি কাপড়ের দোকানে ঈদুল ফিতর ও মেয়ের বিয়ে উপলক্ষে কেনাকাটা করতে যান। কাপড়ের দাম মুলামুলির একপর্যায়ে দোকানদারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ সময় ওই গৃহবধূর বিরুদ্ধে দোকানি চুরির অভিযোগ আনেন। তখন তাঁকে দোকানের ভেতরে শারীরিকভাবে লাঞ্ছিত করে ন্যাড়া করে দেওয়া হয়।
নগরকান্দা বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন ওই নারী চলে গেছেন। তিনি ওই দোকানের মালিক ও কর্মচারীকে এ বিষয়ে সাবধান করেছেন।
কাইচাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিন্নাহ সরদার বলেন, এ ঘটনার পর ওই গৃহবধূ নগরকান্দার কাইচাইল ইউনিয়নের বাড়ি ছেড়ে পাশের গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। তিনি বলেন, ওই নারীর মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল ঈদের পর উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নে। তবে এ ঘটনা জানাজানি হওয়ার পর বিয়ে ভেঙে দিয়েছে বরপক্ষ।
নগরকান্দা থানার পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী গত বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এ মামলায় মোট চারজনকে আসামি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন বলেন, পুলিশ মামলার আসামি বাজারের ব্যবসায়ী রাজীব মোল্লাকে (৩২) গ্রেপ্তার করেছে। রাজীব চুল কাটার ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি আরও বলেন, ওই নারীর মেয়ের বিয়ে যাতে ভেঙে না যায়, সে জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়ে ছেলেপক্ষের সঙ্গে আলাপ করে সমঝোতার উদ্যোগ নেওয়া হবে।