চুরির অভিযোগে চুল কেটে গলায় জুতার মালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ মুঠোফোন চুরির। এই অভিযোগেই মাথার চুল কেটে দেওয়া হলো। গলায় জুতা-ঝাড়ুর মালা পরিয়ে হাত বেঁধে ঘোরানো হলো শহরের রাস্তায়। মাগুরা শহরে গত রোববার রাতে ঘটানো হয়েছে এই অমানবিক ঘটনা।
ঘটনার শিকার মাগুরা শহরের পারলা খালকুলপাড়ার তোতা বিশ্বাস (৪০)। এ কাজ করার অভিযোগে তাঁর প্রতিবেশী চার যুবক মো. আরমান বিশ্বাস (২১), মো. শাহীন (২৩), আল আমিন (২২) ও মো. তুহিনকে (২৪) পুলিশ হাতেনাতে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, তোতা বিশ্বাস একজন মাদকসেবী। প্রতিবেশী তুহিন মুঠোফোন চুরির অভিযোগ তুলে রোববার রাত সাড়ে ১০টার দিকে অপর তিন যুবককে সঙ্গে নিয়ে শহরের মাছ ও মাংস বাজার এলাকায় তোতাকে আটক করেন। একপর্যায়ে তাঁকে মারধর করে সেলুনে নিয়ে গিয়ে মাথার চুল কেটে দেওয়া হয়। এরপর পেছন থেকে দুই হাত বেঁধে তাঁর গলায় জুতা-ঝাড়ুর মালা পরানো হয়। এভাবে তাঁকে রাস্তা দিয়ে হাঁটাতে হাঁটাতে প্রায় দেড় কিলোমিটার দূরের মীরপাড়া মোড় হয়ে বাড়ির দিকে নেওয়া হচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে ওই মোড় থেকে তোতাকে উদ্ধার করেন জেলা পুলিশ সুপার এ কে এম এহ্সান উল্লাহ। ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয় চার যুবককে। পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি অমানবিক, পৈশাচিক। চার যুবক তাঁকে নিয়ে উল্লাস করছিল। আমাদের সামনে না পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’