চুরির অভিযোগে ছাত্রকে পিটিয়ে আটক ৩ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের সদর উপজেলার কমলপুর নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবু সাঈদকে পেটানোর অভিযোগে গতকাল মঙ্গলবার ওই মাদ্রাসার তিন শিক্ষককে আটক করেছে পুলিশ। অসুস্থ সাঈদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন জানান, শিশু সাঈদ আশঙ্কামুক্ত। তবে প্রচণ্ড আঘাতের কারণে তার শরীরের অনেক স্থানে রক্ত জমাট বেঁধে আছে। তাই ব্যথা অনুভব করছে। মানসিকভাবেও সে বিপর্যস্ত।
মাদ্রাসার প্রধান হাফেজ মো. গোলাম মোস্তফা এবং পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মাজেদুর রহমান ঘটনাটিকে অমানবিক বললেও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেন।
গত সোমবার সদর উপজেলার জয়রামপুর গ্রামে সাঈদদের বাড়ি গিয়ে দেখা যায়, বাবা-মাসহ প্রতিবেশীরা তাকে ঘিরে ধরে আছে। তার পিঠ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখায় সে। গত সোমবার তাকে হাসপাতালে নেওয়া হয়। সাঈদ জানায়, টাকা চুরি করার অভিযোগে শিক্ষক শরিফুল ইসলাম (৩২), রেজাউল ইসলাম (৩৩) ও রিয়াজুল ইসলাম (৩০) গত শুক্রবার বাঁশের তিনটি মোটা কঞ্চি একত্র করে বেঁধে তাকে পেটান। সে বলে, ‘হুজুরদের হাত-পা ধরি আমি বারবার কহিছি, টাকা চুরি করিনি। কিন্তু হুজুরেরা শুনেনি।’
সাঈদের মা সাহিদা বানু (৩২) বলেন, গত রোববার রাতে একজন প্রতিবেশীর কাছে ছেলেকে নির্যাতনের কথা জানতে পেরে সোমবার মাদ্রাসায় যান। ছেলের মুমূর্ষু অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় সাঈদের ওপরে নির্যাতনকারী উপস্থিত তিনজন শিক্ষকের কাছে ছেলের অপরাধ জানতে চান। কিন্তু শিক্ষকেরা তাঁকে ধমক দিয়ে মাদ্রাসা থেকে চলে যেতে বলেন। এরপর ছেলেকে নিয়ে তিনি চলে যান।
বিষয়টি জানাজানি হলে প্রাথমিক চিকিৎসা শেষে ক্ষুব্ধ স্থানীয় লোকজন সাঈদকে নিয়ে মাদ্রাসায় এসে শিক্ষকদের কাছে কৈফিয়ত দাবি করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা শিক্ষকদের ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিকুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার শিশু নির্যাতনকারী তিন শিক্ষক আশরাফুল ইসলাম, রেজাউল ইসলাম ও রিয়াজুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।