চুরির অভিযোগে ছাত্রকে পিটিয়ে জখম করলেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় মুঠোফোন চুরির অভিযোগে দশম শ্রেণির ছাত্রকে দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে জখম করেছেন এক শিক্ষক। আহত ওই ছাত্র পাঁচ দিন ধরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। ওই ঘটনায় শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সিংগার ডাবড়ী বাজারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ছাত্রের নাম শিমুল সরকার (১৬)। সে রাজারহাট সিংগার ডাবড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার বাবার নাম দুলাল মিয়া। ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শিমুল তার বন্ধু রাকিবকে নিয়ে বাজারে একটি মুঠোফোনের দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করছিল। ওই দোকানের মালিক সিংগার ডাবড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক মাইনুল ইসলাম (৪০)। একপর্যায়ে ওই শিক্ষক দোকানের বাইরে এসে তাঁর দোকানের মুঠোফোন চুরি হয়েছে বলে চিৎকার শুরু করেন। তিনি দাবি করেন, শিমুল তাঁর দোকানের ফোন চুরি করেছে। এরপর শিমুলকে আটক করে তিনি রশি দিয়ে বেঁধে রাখেন। পরে তাঁর ছোট ভাইকে সঙ্গে নিয়ে বেঁধে রাখা অবস্থায় শিমুলকে পিটিয়ে রক্তাক্ত করেন।
শিমুলের বাবা দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, মারধরের কারণে শিমুল প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। শিমুলের চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে তাঁকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখনো শিমুল সেখানে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, ওই ঘটনায় তিনি আজ শনিবার রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় থানায় আহত শিক্ষার্থীর বাবা একটি অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এ ব্যাপারে শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার এখানে আসেন। একসঙ্গে বসে চা খেয়ে কথা বলব।’ এটা বলেই মুঠোফোনের সংযোগ কেটে দেন তিনি। এরপর একাধিকবার চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
এদিকে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।