চুরির অভিযোগে ধারালো অস্ত্র দিয়ে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানা এলাকায় গতকাল শনিবার নূর হোসেন (৩০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, মুঠোফোন চুরির অভিযোগে গণপিটুনিতে নূর হোসেন মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণচন্দ্র মিত্র। বেলা আড়াইটার দিকে ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই কৃষ্ণ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে পূর্ব জুরাইনের একটি কবরস্থানের পাশ থেকে নূর হোসেনকে উদ্ধার করা হয়। তাঁর হাত-পায়ের রগ কাটা ছিল। হাসপাতালে নেওয়ার সময় নূর হোসেন শুধু নিজের নামটি বলতে পেরেছিলেন। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, প্রশ্ন করা হলেও যন্ত্রণায় কাতর তিনি কিছুই বলতে পারেননি।