চুরির অভিযোগে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া গ্রামে আফছার আলী (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ আজ মঙ্গলবার সকালে ধুকুরিয়া বিলের খোলা মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।

নিহত আফছার ধুকুরিয়াবেড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। পুলিশ ও কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আফছারের বিরুদ্ধে স্থানীয় বিভিন্ন দোকানে চুরির অভিযোগ রয়েছে। চুরির অভিযোগে বেশ কয়েকবার তিনি স্থানীয় লোকজনের হাতে লাঞ্ছিতও হন। থানা-পুলিশের হাতেও আটক হয়েছেন একাধিকবার। গতকাল সোমবার রাতে কে বা কারা তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ধুকুরিয়া বিল এলাকায় ফেলে যায়। মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, হত্যাকাণ্ডে কারা জড়িত তা প্রাথমিকভাবে জানা যায়নি। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আফছারের ছোট ভাই সানোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন।