চুরির অভিযোগে বাবা ও ছেলেকে কান ধরে ওঠবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় সালিস বৈঠকে বাবা ও ছেলেকে একসঙ্গে কান ধরে ওঠবস করানোর অভিযোগ পাওয়া গেছে। চুরির অভিযোগে তাঁদের এ শাস্তি দেওয়া হয়। ওই শাস্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই বাবা ও তাঁর ছেলে প্রতিদিনের মতো মসজিদের জন্য সাহায্য আদায় করতে গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। ওই দিন তাঁদের বিরুদ্ধে কামারগাঁ ইউনিয়নের পাড়িশো গ্রামের একটি বাড়িতে থালা-বাসন চুরির অভিযোগ ওঠে। কামারগাঁ ইউপি চেয়ারম্যানের উদ্যোগে পরদিন বুধবার সকালে ওই গ্রামে সালিস বসে। সালিসে চুরির অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে বাবা ও ছেলে দুজনকেই চড়-থাপ্পড় দিয়ে কান ধরে ওঠবস করানো হয়। এ ছবি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়।
তবে কামারগাঁ ইউপির চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, তিনি যাওয়ার আগেই স্থানীয় লোকজন ওই ঘটনা ঘটিয়েছে।