চুরির অভিযোগে মিটফোর্ড থেকে এক ব্যক্তি আটক
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড) থেকে চুরির অভিযোগে আবদুল করিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আবদুল করিম চিকিৎসক পরিচয়ে হাসপাতালের ভেতরে ঘোরাফেরা করছিলেন। তাঁর চলাফেরা সন্দেহজনক হওয়ায় আনসার সদস্যরা তাঁকে অনুসরণ করেন। রাত তিনটার দিকে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে কিছু যন্ত্রাংশ ব্যাগে ভরার চেষ্টা করেন। এ সময় আনসার সদস্যরা তাঁকে হাতেনাতে আটক করেন। আটকের পর আবদুল করিম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেন। কিন্তু তিনি কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। পরে আনসার সদস্যরা উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে আবদুল করিম হাসপাতালের কেউ নন। তখন উপস্থিত কয়েকজন মারধর শুরু করলে আনসার সদস্যরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান আটকের তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল করিমের বাসা জুরাইনে। গতকাল সন্ধ্যায় এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন ছিল।