চুরির অভিযোগে শালা-দুলাভাই গ্রেপ্তার
চট্টগ্রামে চুরির মামলার অভিযোগে শালা-দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুলাভাইয়ের নাম লিটন (২৮) ও শালা ১১ বছরের শিশু। গতকাল রোববার সকালে নগরের কর্ণফুলী শাহ আমানত ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বাকলিয়া থানা-পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, জেলার পটিয়া শান্তিরহাট বাজারে একটি দোকানে চুরি করে ফেরার পথে শালা-দুলাভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি করা পাঁচ হাজার টাকা, দরজা-জানালা কাটার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই চোর পুলিশের কাছে স্বীকার করেছে, তারা সিলেট, কুমিল্লা, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে চুরি করেছে। ছোট শিশুকে নিয়ে দোকান বা বাসা-বাড়িতে চুরি করলেও সহজে কেউ সন্দেহ করে না। বিভিন্ন জায়গায় ধরা পড়লে দুলাভাই সটকে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ছোট শিশু দেখে ছেড়ে দেয়। দিনের বেলা কিংবা সন্ধ্যায় শিশুটিকে দোকান ও বাসা-বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়। পরে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় শিশুটি।