চুরির অভিযোগে শিকলে বেঁধে নির্যাতন
মাদারীপুরের শিবচর উপজেলায় মুঠোফোন চুরির অভিযোগে দুদিন ধরে শিকলে বেঁধে মেহেদী হাসান (১৬) নামের এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার রাতে কামরুল ব্যাপারী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেহেদী হাসানের বাড়ি জাজিরা উপজেলার বিকে নগর পশ্চিম কাজীকান্দি গ্রামে। বাবার নাম মনোয়ার খান। সে পাশের শিবচর উপজেলার একটি কেব্ল অপারেটর প্রতিষ্ঠানের কর্মী।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ছেলেটির সারা শরীর ফুলে গেছে।
শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে রোববারই থানা থেকে পুলিশ পাঠিয়ে ওই কিশোরকে উদ্ধার করেছি। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বিভিন্ন গ্রামে মেহেদী ডিশ লাইনের সংযোগ দিত ও মেরামতের কাজ করত। ঈদের আগে সে উপজেলার কুতুবপুর গ্রামের কামরুল ব্যাপারীর বাড়িতে ডিশ লাইনের কাজ করে। তখন কামরুল ব্যাপারীর দুটি মুঠোফোন চুরি হয়। গত শনিবার দুপুরে কামরুল ব্যাপারী ডিশ লাইনের কাজ করার কথা বলে মেহেদীকে বাড়ি থেকে ডেকে আনেন। এরপর তাকে চুরির অভিযোগে মারধর করেন। তাকে বাড়ির উঠানে গাছের সঙ্গে পায়ে ও গলায় লোহার শিকল বেঁধে আটকে রেখে দুই দিন ধরে শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনায় মেহেদীর বাবা মনোয়ার খান বাদী হয়ে কামরুলসহ তিন–চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।