চুরির অভিযোগে শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরির অভিযোগ তুলে এবার যশোরের কেশবপুরে শরিফুল ইসলাম (১২) নামের এক শিশু দোকান কর্মচারীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে মিছিল-সমাবেশ করেছে এলাকাবাসী।
এর আগে গত ৮ জুলাই সিলেটে শিশু সামিউল আলম রাজনকে (১৪) চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছিল। ঘটনাটিতে গতকাল আদালতে বিচার শুরু হয়েছে।
নিহত শিশু শরিফুলের বাবা এলাহী বকস্ সরদারের ভাষ্যমতে, তাঁর ছেলে শহরের শস্যবীজ বিক্রির দোকান হাবিব সিড স্টোরে কাজ করত। দোকানের মালিক আবু তাহের গত সোমবার সকালে একটি মুঠোফোন চুরির অভিযোগে শরিফুলকে নিজ বাড়িতে ডেকে মারপিট করে আটকে রাখেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক মনে হলে মুখে বিষ ঢেলে দেওয়া হয়। পরে তাহেরের দুই ছেলে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সন্ধ্যার পর তাহেরের এক ছেলে মোস্তাক হোসেন তাঁকে বাড়ি থেকে ডেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তিনি শরিফুলকে মৃত পান।
শরিফুলের মা নাজমা খাতুন অভিযোগ করেন, বিকেলে তাঁর ছেলেকে হাসপাতালে আনার দুই ঘণ্টা পর পরিবারকে জানানো হয়। তা ছাড়া, তাহেরের পক্ষ থেকে টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেওয়া হয়।
তাহেরের ছেলে মোস্তাক হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের মুঠোফোন চুরির পর নওয়াপাড়ায় এক গণকের সহায়তায় জানতে পারি, শরিফুল সেটি চুরি করেছে। সে কারণে আমরা তাকে একটু বকাবকি করি। এতে আমাদের বাড়িতে থাকা কীটনাশক পান করে সে। পরে তাকে আমরা হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি।’
গতকাল বেলা একটার দিকে কেশবপুর শহরের আলিয়া মাদ্রাসাপাড়ায় মোস্তাকদের বাড়িতে গিয়ে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। এতে তাঁর বাবা তাহেরের বক্তব্য জানা সম্ভব হয়নি।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বোরহান উদ্দীন জানান, ‘শিশুটিকে সোমবার বিকেল পাঁচটার দিকে হাসপাতালে আনা হয়। সোয়া ঘণ্টা আমরা চিকিৎসা দিই। তবে আসার সময়ই রোগীর অবস্থা খারাপ ছিল। তার পাকস্থলীতে অতিরিক্ত বিষ থাকায় মৃত্যু হতে পারে।’
এরপর পুলিশ শরিফুলের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেখানকার চিকিৎসক আবদুল্লাহ আল-মামুন গতকাল মঙ্গলবার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত শিশুটির মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।
ছেলের মৃত্যুর ঘটনায় শরিফুলের বাবা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেছেন। এতে আবু তাহের ও তাঁর দুই ছেলেকে আসামি করা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন জানান, শরিফুলের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনে তাকে হত্যা করা হয়েছে বলে প্রমাণিত হলে এ ঘটনায় হত্যা মামলা নেওয়া হবে। ইতিমধ্যে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা নেওয়া হয়েছে। আর তাহেরের ছেলে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মিছিল-সমাবেশ: শরিফুলের মৃত্যুর ঘটনায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসী কেশবপুর শহরে মিছিল-সমাবেশ করেছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে।
স্থানীয় কাউন্সিলর সাখাওয়াত হোসেন ও নারী কাউন্সিলর নাসিমা নার্গিস এই মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন।