চুরির অভিযোগে কিশোরকে নির্যাতন
যশোরের শার্শা উপজেলায় চশমা চুরির অভিযোগে এক কিশোরকে পিটিয়ে এবং শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার শিকারপুর বাজারে ওই ঘটনা ঘটে। গতকাল সোমবার সে আদালতে জবানবন্দি দিয়েছে।
নির্যাতনের শিকার ওই কিশোরের নাম জাকির হোসেন (১৬)। সে শিকারপুর বাজারে একটি চায়ের দোকানে কাজ করে। জাকির উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাকির শিকারপুর বাজারের সোহরাবের চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিল। কিছুক্ষণ পরে সোহরাব তাকে বলেন, ‘তুই আমার চশমা চুরি করেছিস। বের কর।’ বিষয়টি জাকির অস্বীকার করলে সোহরাবসহ কয়েকজন তার পায়ে দড়ি বেঁধে পেটাতে থাকেন। এরপর স্বীকারোক্তি আদায়ের জন্য পাশের দোকানের মিঠু নামের এক যুবক কেটলিতে থাকা ফুটন্ত গরম পানি জাকিরের গায়ে ঢেলে দেয়। এতে সে গুরুতর আহত হলে আশপাশের লোকজন বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানান।