চুরির অভিযোগে টাকা আদায়, ইউপি চেয়ারম্যানকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু চুরির অভিযোগ এনে নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামের এক কৃষকের কাছ থেকে অর্থ আদায় করেছেন বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) জাহাঙ্গীর আলম। এ ঘটনায় গত রোববার বাঁশগ্রামে সালিস বসলে সেখানে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁর শটগান দিয়ে তাঁকেই পেটানো হয়।

কৃষক বিভাষ চন্দ্র শিকদারবলেন, গত বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নির্দেশে কয়েকজন সন্ত্রাসী তাঁকে বাড়ি থেকে জোর করে ধরে দারিয়াপুর ইউনিয়ন বোর্ড কার্যালয়ে নিয়ে আসে। সেখানে চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে গরু চুরির মিথ্যা অভিযোগ এনে বেধড়ক মারধর করেন। এরপর অন্যায়ভাবে চুরির কথা স্বীকার করিয়ে একটি সাদা কাগজে সই নিয়ে নেন। একপর্যায়ে তিনি নিজের গরু বিক্রি করে সেই টাকা দেন।

চেয়ারম্যানের চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য মফিজ মোল্যা বলেন, মিথ্যা অভিযোগ এনে টাকা আদায় নিয়ে গত শুক্রবার চেয়ারম্যানের সঙ্গে স্থানীয় গ্রাম্য মাতব্বরআলমগীর মোল্যা ও নান্নু মাস্টারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানের গ্রামের বাড়িতে রোববার সালিস বসে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সালিসের সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জাহাঙ্গীর তাঁর লাইসেন্স করা শটগান দিয়ে ইব্রাহিম মোল্যাকে আঘাত করেন। ইব্রাহিমসহ সালিসে উপস্থিত লোকজন সেটি কেড়ে নিয়ে তাঁকে পাল্টা আঘাত করেন। এতে তাঁর মাথা ও কপাল কেটে যায়। চিকিৎসার জন্য পরে তাঁকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি সদস্যসহ এলাকাবাসী অভিযোগ করেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জাহাঙ্গীর আলম এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর তাঁর নির্যাতনের মাত্রাটা বেশি।

জাহাঙ্গীর আলম এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে।

 নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, রোববারের মারামারির ঘটনা জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুনেছি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এলাকায় অশান্তি সৃষ্টি করছেন। সে ব্যাপারে তদন্ত চলছে।