চুরির অভিযোগে নির্যাতন, শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুরে চুরির অপবাদে নির্যাতনের শিকার হওয়ার দুই মাস পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সপ্তম শ্রেণির এক ছাত্র মারা গেছে বলে তার পরিবার অভিযোগ করেছে। আর ঝালকাঠির রাজাপুরে আরেক স্কুলছাত্রকে চুরির অপবাদে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটি এখন হাসপাতালে ভর্তি। উভয় ঘটনায় মামলা হয়েছে।

পরিবারের অভিযোগ, স্থানীয় লোকজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, উজিরপুরের হারতা ইউনিয়নের নাতারকান্দি গ্রামের দরিদ্র কৃষক নজরুল ইসলাম হাওলাদারের ছেলে সৈকত হাওলাদার (১৩) নাতারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। সে দিনমজুরের কাজ করে পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারে সাহায্য করত। গত ৪ মে সৈকত একই গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী শাহজাহান গোমস্তার ছেলে সোহাগ গোমস্তার বাড়িতে মাটি কাটার কাজে যায়। সেদিন সোহাগের পকেট থেকে ১০৫ টাকা খোয়া যায়। এর জন্য তিনি সৈকতকে দায়ী করেন। ওই দিন কাজ শেষে বাড়ি ফিরে সৈকত বিকেলে নাতারকান্দি পাগলার ভিটা মাঠে খেলতে যায়। এ সময় সোহাগ (৩৮) ও তাঁর ভাই মিজান গোমস্তা (৪২), মহসিন গোমস্তা (২৮) ও আসলাম গোমস্তা সাত-আটজন সহযোগী নিয়ে মাঠের মধ্যে সৈকতকে মারধর শুরু করেন। একপর্যায়ে সৈকতকে গাছে বেঁধে তার মাথা গাছের সঙ্গে আঘাত করেন। এ সময় সহপাঠীরা অনুনয়-বিনয় করলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে রেখে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে অবস্থা খারাপ হবে হুমকি দিয়ে হামলাকারীরা চলে যান। তখন সৈকতকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সৈকতের বড় ভাই মো. শিপন হাওলাদার অভিযোগ করেন, তিনি সোহাগের বাবা শাহজাহান ও হারতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফারুক হোসেনের কাছে এ ঘটনার বিচার চান, কিন্তু কোনো ফল হয়নি। ১০ মে সৈকতের অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে পাঠিয়ে দেন। ১৬ মে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে সৈকতের মস্তিষ্ক থেকে জমাট রক্ত অপসারণ করেন।

সৈকতের চাচা মিন্টু হাওলাদার বলেন, ধারদেনা ও ভিটেমাটি বিক্রি করে সৈকতের চিকিৎসা করায় পরিবার। অর্থাভাবে ঢাকায় বেশি দিন থাকতে না পারায় কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। পুনরায় অসুস্থ হয়ে পড়লে গত জুলাই হলি ফ্যমিলি হাসপাতালে ভর্তির পর রোববার সন্ধ্যায় সৈকত মারা যায়।

গতকাল বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সৈকতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্না-আহাজারিতে গোটা এলাকা ভারী হয়ে ওঠে। এ সময় সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন সৈকতের দিনমজুর বাবা নজরুল ইসলাম। আসরের নামাজের পর বাড়ির উঠানে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে রোববার সন্ধ্যায় সৈকতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী, স্কুলের অন্য ছাত্ররা ও এলাকাবাসী নাতারকান্দিতে বিক্ষোভ করে।

সোহাগ গোমস্তা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সৈকতকে দু-একটা চর-থাপ্পড় দিয়েছিলাম। তাতে তার অসুস্থ হওয়ার কথা নয়।’ উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, সৈকতের বাবা নজরুল ইসলাম গতকাল সোমবার সোহাগ ও তাঁর তিন সহোদরসহ ১০ জনকে আসামি করে মামলা করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্কুলছাত্রকে ঝুলিয়ে পিটুনি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় গত রোববার বিকেলে রাজু হাওলাদার (৯) নামে এক স্কুলছাত্রকে টাকা চুরির অপবাদে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। সে বড়ইয়া ইউনিয়নের সোনারগাঁও অরুয়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে এবং সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এ ঘটনায় শিশুটির বাবা গতকাল বিকেলে রাজাপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। শিশুটি বর্তমানে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আসামিরা পালাতক রয়েছেন।

রাজাপুর থানার পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের নাসির হোসেনের ছেলে জাকির হোসেন ঈদের ছুটিতে বাড়িতে আসেন। রোববার জাকিরের ঘরে তাঁর প্যান্টের পকেট থেকে ১০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় জাকিরদের প্রতিবেশী রাজুকে সন্দেহ করা হয়। পরে জাকিরের নেতৃত্বে একই গ্রামের কয়েকজন শিশু রাজুকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে তার স্কুলের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে দুই পা ঘরের আড়ায় উল্টো করে বেঁধে বেধড়ক পেটান। নির্যাতনের সময় তার চোখ-মুখ কাপড় দিয়ে বাঁধা হয়। পিঠে দেশলাইয়ের আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে রাতে বাড়ির সামনে ফেলে চলে যান তাঁরা। এরপর পরিবারের লোকজন রাজুকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. আবুল খায়ের মাহমুদ বলেন, শিশুটিকে হাসপাতালে ভর্তি করার সময় তার শরীরে মারাত্মক জখম ছিল। শিশুটি মানসিকভবেও অসুস্থ হয়ে পড়েছে।

শিশুটির মা বকুল বেগম বলেন, ‘আমার বাচ্চাকে চুরির অপবাদ দিয়ে চিহ্নিত মাদকসেবীরা এই নির্যাতন করেছে। আমি এর ন্যায়বিচার চাই।’

রাজাপুর থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, আসামিদের গ্রেপ্তারে কয়েক দফা অভিযান চালানো হয়েছে।