চুরির অভিযোগে মারধর পাঁচজনের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ পাছপাড়া গ্রামে টাকা চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মারধরের ঘটনায় পাঁচ ব্যক্তিকে আসামি করে গত মঙ্গলবার রাতে তিনি মামলা করেছেন।
আহত ব্যক্তির নাম মো. জামাল উদ্দিন (৩৫)। তিনি মাইজবাগ পাছপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নলকূপ মেরামত করে জীবিকা নির্বাহ করেন।
গতকাল বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জামালের স্ত্রী বেদেনা খাতুন বলেন, ‘কোনো অপরাধ ছাড়াই আমার স্বামীকে যারা মারধর করে হাসপাতালে পাঠিয়েছে, তাদের শাস্তি চাই।’
আহত ব্যক্তির সঙ্গে কথা বলে ও এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী মো. হুমায়ুন কবীর গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে তাঁকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যান। বাড়িতে নিয়ে হুমায়ুন তাঁর বিরুদ্ধে সাড়ে ৪৪ হাজার টাকা চুরির অভিযোগ করেন। তা অস্বীকার করলে হুমায়ুন এবং তাঁর আত্মীয় আল আমীন, আশিকুর রহমান, আজহারুল ইসলাম ও মাসুদ মিয়া তাঁকে পিঠমোড়া করে বেঁধে মারধর করেন। চুরির অভিযোগ স্বীকার না করায় সারা রাত তাঁর ওপর নির্যাতন চালানো হয়। পরদিন সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। এ ঘটনায় তিনি ওই পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
জামালের বড় ভাই মো. সিরাজুল ইসলাম বলেন, ছোট ভাইকে পঙ্গু হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য তিনি হুমায়ুনকে কিছু টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ছাড়িয়ে আনেন।
এ বিষয়ে হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘জামাল এলাকার নামকরা চোর। তাঁকে আমি মারধর করিনি। অন্যরা করেছে।’ জামালের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে কি না, তা তিনি জানাতে পারেননি।
আশিকুর রহমান বলেন, তিনি জামালকে চড়-থাপ্পড় দিয়েছেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাড়িতে গিয়ে না পাওয়ায় এবং মুঠোফোন নম্বর না পাওয়ায় এ বিষয়ে আর কোনো আসামির সঙ্গে কথা বলা যায়নি।