চুরির অভিযোগে শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে দোকান থেকে আপেল চুরি করার অভিযোগে গতকাল শনিবার হাত-পা বেঁধে ১০ বছরের এক শিশুকে মারধর করা হয়েছে।
নির্যাতনের শিকার শিশুর নাম সাইদুল। গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের মার্কাস মসজিদের সামনে গতকাল সকালে ঘটনাটি ঘটে। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সাইদুলের বাড়ি উপজেলার মশিন্দা ইউনিয়নে। তার বাবা আবদুল মিয়া পেশায় কৃষিশ্রমিক। চার ভাই-বোনের মধ্যে সাইদুল তৃতীয়।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, মসজিদ-সংলগ্ন হানিফের ফলের দোকান থেকে শিশু সাইদুল একটি আপেল নিয়ে দৌড় দেয়। পরে ফলের দোকানি ও আশপাশে থাকা লোকজন সাইদুলকে ধরে ফেলেন। তাঁরা নাইলনের দড়ি দিয়ে মসজিদের গ্রিলের সঙ্গে সাইদুলের হাত-পা বেঁধে রাখেন। এরপর দোকানি হানিফ, অটোরিকশার চালক পিন্টু ও মাইক্রোবাসের চালক মজনু তাকে মারধর করেন। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাইদুলকে বেঁধে রাখা হয়।
বেলা দেড়টার দিকে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে শিশু সাইদুলকে উদ্ধার করে। পুলিশের উপপরিদর্শক (এসআই) আজম আলী বলেন, আপেলের দোকান-সংলগ্ন মসজিদের গ্রিলের সঙ্গে রশি দিয়ে সাইদুলের হাত-পা বাঁধা ছিল। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
শিশু সাইদুল বলে, সকালে সে কিছু না খেয়েই বাড়ি থেকে বের হয়। ক্ষুধা লাগায় আপেলটি চুরি করেছে। দোকানিরা তাকে ধরে অনেক মারধর করেন। সে অনেক কান্নাকাটি করে ছেড়ে দেওয়ার আকুতি জানায়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার মাহাতো গতকাল বিকেল সাড়ে চারটায় বলেন, খবর পেয়ে বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি থানা হেফাজতে রয়েছে।