চুরির অভিযোগে সাত কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জিলা স্কুলের গবেষণাগারে চুরি করার অভিযোগে সাত কিশোরকে গ্রেপ্তার করেছ পুলিশ। এদের একজন আদমদীঘি উপজেলার একটি বিদ্যালয়ের এবং অন্য ছয়জন জিলা স্কুলের ছাত্র।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, এ ঘটনায় জিলা স্কুলের তত্ত্বাবধায়ক বেলাল হোসেন বাদী হয়ে ওই সাত ছাত্রের বিরুদ্ধে থানায় চুরির মামলা করেছেন। গতকাল শনিবার বগুড়ার আদালতে হাজির করা হলে বিচারক তাদের বয়স বিবেচনা করে জামিন মঞ্জুর করেন।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, বিদ্যালয়ের গবেষণাগার থেকে প্রতি রাতেই মূল্যবান রাসায়নিক উপকরণ ও ব্যবহারিক যন্ত্রপাতি চুরি যাচ্ছিল। গত কয়েক মাসে অন্তত চার লাখ টাকার ব্যবহারিক উপকরণ ও যন্ত্রপাতি চুরি যায়। কিন্তু কোনোভাবেই চোর ধরা যাচ্ছিল না। গত বৃহস্পতিবার বিকেলে চুরি করতে গবেষণাগারে ঢোকার পর হাতেনাতে ধরা পড়ে আদমদীঘির একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র। তাকে থানায় সোপর্দ করা হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) নাজির আহমেদ খানের ভাষ্যমতে, আটক ওই ছাত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই শহরের ফুলতলা, সূত্রাপুর ও মালতীনগর এলাকার বাসায় অভিযান চালিয়ে জিলা স্কুলের দশম শ্রেণির চার ছাত্র ও নবম শ্রেণির দুই ছাত্রকে আটক করা হয়।