চুরির ঘটনা দেখে ফেলায় শিশু মিমকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরির ঘটনা দেখে ফেলায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের এতিমখানা মহল্লার নয় বছরের রূপাইয়া মিমকে হত্যা করা হয়েছে। এ চুরি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন তার খালাতো ভাই সাগর শেখ (১৯)।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়া থানায় এক সংবাদ ব্রিফিং করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ এমনটাই দাবি করেন। তিনি বলেন, মিমের আপন খালাতো ভাই সাগর শেখ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তাঁদের কাছে স্বীকার করেছেন।

গতকাল শনিবার সাগরকে পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তারেক শামসের আদালতে পাঠানো হয়। সেখানে হত্যার কথা স্বীকার করে সাগর ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে সাগরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ওসি বলেন, সাগর শেখ স্বীকার করেছেন, মিমের মা লাইলি বেগমের অনুপস্থিতির সুযোগে সে টাকা চুরি করতে মিমদের ঘরের দোতলায় যান। মিম এ ঘটনা দেখে ফেলায় তিনি তাকে গলা চেপে ধরেন। পরে খাটের নিচে থাকা ডিশ অ্যানটেনার তার বের করে তা দিয়ে মিমের গলায় ফাঁস দেন। এরপর গলায় ওড়না পেঁচিয়ে বাসার ছাদের আড়ার সঙ্গে তার লাশ ঝুলিয়ে তিনি বের হয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলায় অভিযোগপত্র দেওয়া হবে।

৮ সেপ্টেম্বর কলাপাড়া পৌর শহরের এতিমখানা মহল্লার বাসা থেকে মিমের লাশ উদ্ধার করা হয়। ওই দিনই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মিমের মা লাইলি বেগম এবং খালাতো ভাই সাগর শেখকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সাগর হত্যার কথা স্বীকার করলে পুলিশ মিমের মাকে ছেড়ে দেয়। পরের দিন লাইলি বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।