চুরির ঘটনায় জিডি করায় গলা কেটে নেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এক ব্যবসায়ী। এ ঘটনার পর রাতে বাড়িতে এসে তাঁর গলা কেটে নেওয়ার হুমকি দিয়ে গেছে দুর্বৃত্তরা। নরসিংদীর মনোহরদী উপজেলায় এ ঘটনা ঘটেছে।
ওই ব্যবসায়ীর নাম অঞ্জিত কুমার চন্দ (৩৮)। তাঁর বাড়ি উপজেলার খিদিরপুর এলাকায়। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে তাঁর পরিবারের সদস্যরা।
পুলিশ ও ওই ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, অঞ্জিত কুমার স্থানীয় খিদিরপুর বাজারের ব্যবসায়ী। ২৩ জুন রাত আনুমানিক আড়াইটার দিকে অঞ্জিতের বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় পরদিন শুক্রবার মনোহরদী মডেল থানায় জিডি করেন তিনি। ওই দিন রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাতনামা কয়েকজন লোক অঞ্জিতের বাড়িতে এসে বাইরে থেকে দরজায় লাথি মারতে থাকে। ঘটনার সময় বাড়িতে অঞ্জিতের মা নীলা রানী চন্দ একাই ছিলেন। দুর্বৃত্তরা অঞ্জিতকে বাইরে বেরিয়ে আসতে বলে। নীলা রানী পরিচয় জানতে চাইলে দুর্বৃত্তরা রাত একটায় অঞ্জিতের গলা কেটে মাথা নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেয়। এ ঘটনা স্থানীয় রামপুর পুলিশ ফাঁড়িতে জানালে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ আসে। তবে তারা রাত ১২ পর্যন্ত ঘটনাস্থলে টহল দিয়ে পাশের খিদিরপুর বাজারে চলে যায়। রাত একটার দিকে মুখোশ পরা দুই ব্যক্তি বাড়িতে আসামাত্র পুলিশকে খবর দেওয়া হয়। তখন পুলিশ এসে ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
অঞ্জিত কুমার চন্দ প্রথম আলোকে বলেন, ‘আমার দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এরপর আমার গলা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এখন আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছে।’
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, অঞ্জিত কুমার বাদী হয়ে একটি জিডি করেছেন। তাঁর এবং বাড়ির লোকজনের নিরাপত্তার জন্য পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।