চুরির চেষ্টা করায় তিন শিশুকে নির্যাতন, স্কুল থেকে বহিষ্কার
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডাবাড়ি সালেহা-জহুরা উচ্চবিদ্যালয়ের তিন শিশুশিক্ষার্থীকে চুরির চেষ্টা করায় দড়ি দিয়ে বেঁধে রাতভর নির্যাতন করা হয়েছে। পরে গতকাল মঙ্গলবার সকালে দুই হাজার টাকা জরিমানা করে ও মুচলেকা নিয়ে ওদের মুক্তি দেওয়া হয়। শিশু তিনটিকে বিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি সালেহা-জহুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আইয়ুব আলী (১৪), তার ছোট ভাই সপ্তম শ্রেণির ছাত্র জাহিদ হাসান (১২) ও তাদের চাচাতো ভাই ষষ্ঠ শ্রেণির ছাত্র ওমর আলী (১১) মিলে গত সোমবার রাতে ভান্ডারবাড়ি বাজারের খায়রুল ইসলামের মুদি দোকানের বেড়া কেটে সেখানে ঢোকার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধরে বাজারের একটি খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। পরে গ্রাম পুলিশ সদস্যদের পাহারায় সারারাত শিশু তিনটিকে ওই খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। গতকাল ভোরে খবর পেয়ে আইয়ুব ও জাহিদের বাবা রফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি দুই ছেলে ও ভাতিজাকে নির্যাতনের দৃশ্য দেখে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে থানা-পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশু তিনটিকে মুক্ত করে।
ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, রাতে লোকজনের কাছ থেকে দোকানে চুরির খবর পেয়ে তিনি ছুটে যান। গিয়ে দেখেন, তিনটি ছেলে ধরা পড়েছে। পরে গ্রাম পুলিশের সহযোগিতায় ছেলে তিনটিকে বেঁধে রাখা হয়। এ সময় কিছু লোক ওদের চড়-থাপ্পড় মারে বলে ব্যবসায়ী খায়রুল জানান।
নির্যাতনের শিকার শিক্ষার্থী আইয়ুব আলী বলে, বন্ধুদের মুঠোফোন দেখে তারও একটি মুঠোফোনের শখ হয়। কিন্তু বাবা গরিব হওয়ায় মুঠোফোন কিনে দিতে পারেননি। তাই ছোট দুই ভাইকে নিয়ে দোকানে চুরি করতে ঢোকে। চুরি করা পণ্য বিক্রি করে মুঠোফোন কেনার ইচ্ছা ছিল ছেলেটির।
ভান্ডারবাড়ি ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘রাত ১২টার দিকে আমি খায়রুল ইসলামের দোকানের কাছ দিয়ে ফিরছিলাম। এ সময় দোকানের মধ্যে তিনজনকে চটের একটি ব্যাগে তেল, সাবান, বিস্কুট তুলতে দেখি। পরে লোকজন নিয়ে মালামালসহ ছেলে তিনটিকে আটক করি।’
এদিকে শিশু তিনটি যে বিদ্যালয়ে পড়ে সেটির প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী সিদ্দিকী বলেন, চুরির ঘটনার এলাকাবাসীর চাপের মুখে আইয়ুব, জাহিদ ও ওমরকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়ভাবে বৈঠক করে ছেলে তিনটির অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে ওদের ছেড়ে দেওয়া হয়েছে। জরিমানার বিষয়টি আমার জানা নেই। ঘটনার সময় উত্তেজিত লোকজন ছেলে তিনটিকে কিছু কিলঘুষি দিয়েছে।’
ধুনট থানার ওসি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ছেলে তিনটিকে উদ্ধার করে অভিভাবকদের হাতে দেওয়া হয়েছে। ওদের মারধরের বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।